Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘কাটোয়া থেকে মন্তেশ্বরে ফেলা হচ্ছে ছিপ’, মন্ত্রী সিদ্দিকুল্লার তোপে দলীয় নেতৃত্বের একাংশ

মন্তশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী এক সময় তিনিই দলের নেতা আহমেদ হোসেনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন

‘কাটোয়া থেকে মন্তেশ্বরে ফেলা হচ্ছে ছিপ’, মন্ত্রী সিদ্দিকুল্লার তোপে দলীয় নেতৃত্বের একাংশ
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মন্তশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী এক সময় তিনিই দলের নেতা আহমেদ হোসেনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। বিদেশের মাটি থেকে বিশেষ ভিডিও বার্তায় তিনি ওই নেতার দক্ষতার কথা তুলে ধরেন। ওই নেতার বুথে বুথে লোক আছে বলে জানিয়ে দেন। সেই আহমেদই এখন তাঁর নিশানায়। কয়েক দিন আগেই তিনি দাবি করেন, আহমেদ তাঁকে মারার চেষ্টা করেছিলেন। তোলাবাজির প্রতিবাদ করাতেই তাঁর উপর হামলা করা হয়। মন্ত্রীর এই দু’রকমের বার্তায় বিভ্রান্ত মন্তেশ্বরের বাসিন্দারা। 

Advertisement

এবার তিনি নাম না করে জেলার এক শীর্ষ নেতাকে আক্রমণ করে বসলেন। কয়েক দিন আগে তিনি একটি পথসভায় বলেন, ‘কাটোয়ার বুড়োবাবু’ ওখান থেকে ছিপ ফেলেছেন। মন্তেশ্বরে মাছ ধরবেন। আরে বাবা এত দূরে থেকে মাছ ধরা যায়! কাটোয়া আমার আঙুলের মধ্যে। ওখানে আমার জন্ম। একটু নাড়িয়ে দিলে কোথাকার জল কোথায় যাবে, তার হিসেব নেই। এসব অন্যায় মেনে নেওয়া হবে না। 
তবে, কাটোয়া থেকে কে মন্তেশ্বরে ছিপ ফেলেছেন, সেকথা সিদ্দিকুল্লাসাহেব স্পষ্ট করে বলেননি। তাঁকে ফোন করা হলেও তিনি এনিয়ে মন্তব্য করতে চাননি। তবে তিনি কাকে টার্গেট করছেন, সেটা রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বুঝে গিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়ার বাসিন্দা। তিনি বলেন, উনি বর্ষীয়ান নেতা। কেন এসব বলছেন জানি না। ওসবের ব্যাখা তিনিই দিতে পারবেন।
তৃণমূল কর্মীরা বলেন, মন্তেশ্বরের মাটিতে দাঁড়িয়ে তিনি এর আগেও দলের একাংশকে জলপোড়া দেওয়ার কথা বলেছিলেন। আবার কখনও অন্য কায়দায় বিরোধী গোষ্ঠীকে জব্দ করার দাওয়ায় দিয়েছেন। তৃণমূলের একাংশের মতে, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে সংগঠনের ক্ষতি হচ্ছে। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে তোলাবাজ বলতে পিছুপা হচ্ছে না। এসবে দলের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। কয়েক দিন আগে মন্ত্রীর উপর দলেরই অন্য গোষ্ঠী হামলা করে। ওই ঘটনায় পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সোমবারও হামলার অভিযোগে দু’জন গ্রেপ্তার হয়েছে। এই ঘটনায় যুক্ত বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিস জানিয়েছে।
তৃণমূলের এক নেতা বলেন, এক সময় মন্তেশ্বরে দু’পক্ষই একসঙ্গে কাজ করতে। কিন্তু বিধানসভা নির্বাচন টিকিট পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েই নিজেদের মধ্যে ফাটল চওড়া হয়েছে। নেতৃত্ব কড়া পদক্ষেপ না নিলে লড়াই চলতেই থাকবে। 
 সিদ্দিকুল্লা চৌধুরী।-ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ