করোনা-পর্বে তৈরি বিকল্প পাইপলাইনই ‘ত্রাতা’ টালায়
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অর্ক দে, কলকাতা: টালা ট্যাংক থেকে শহরে পানীয় জল সরবরাহকারী ব্রিটিশ আমলের একটি পাইপ ফেটে যায় সোমবার সকালে। এর ফলে জলমগ্ন হয়ে পড়ে টালার বিস্তীর্ণ অঞ্চল। সেই জল নামানোর ব্যবস্থা করে পুরসভা। কিন্তু ৭২ ইঞ্চি ব্যাসের পুরানো পাইপলাইন ফেটে যাওয়ার ফলে মধ্য এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে জল সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই অবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পাইপলাইন ঠিক করার কাজ। আপাতত অন্য একটি পাইপের সঙ্গে ক্ষতিগ্রস্ত পাইপের ‘লিংক’ বা সংযোগ করিয়ে জল সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। আর এক্ষেত্রে ‘ত্রাতা’ হয়ে দেখা দিয়েছে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের দূরদর্শিতা! তৃণমূল আমলে করোনা-পর্বে শহরে বাড়তি পানীয় জল সরবরাহের জন্য একটি বিকল্প পাইপলাইন বসানো হয়। সেই পাইপ কাজে লাগিয়েই আগামী দু-তিনদিনের মধ্যে শহরে জল সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে পুরোদমে। আধিকারিকরা জানাচ্ছেন, এই বিকল্প ব্যবস্থা না থাকলে মেরামতির কাজ শেষ করতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যেত। নাগরিক দুর্ভোগ আরও বাড়ত। 

Advertisement

মঙ্গলবার অকুস্থলে গিয়ে দেখা গেল, এখনও টালা রেল ইয়ার্ডে টালা ব্রিজের নীচে ফেটে যাওয়া পাইপলাইন থেকে অনবরত জল বেরচ্ছে। সেই জল আবার পাঁচটি পাম্প বসিয়ে পাইপের মাধ্যমে পুরসভার ভূগর্ভস্থ নিকাশিতে ফেলা হচ্ছে। অন্যদিকে, টালা পোস্ট অফিস মোড়ের কাছে খালপাড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে পুরানো লাইনের সঙ্গে নতুন লাইনের সংযোগ স্থাপনের প্রক্রিয়া। আধিকারিকরা জানাচ্ছেন, যে পুরানো পাইপলাইনটি ফেটে গিয়েছে, সেটি মাটি খুঁড়ে ১৫ ফুট নীচে গিয়ে মেরামত করা এখন সম্ভব নয়। সেই কাজ করতে গেলে অন্তত ১৫ থেকে ২০ দিন শহরের জল সরবরাহ বন্ধ রাখতে হবে। তাছাড়া, দূরপাল্লার রেল পরিষেবাও বিপর্যস্ত হতে পারে। তাই বিকল্প পথ খোঁজা হচ্ছিল। করোনার সময় টালা ট্যাংক থেকে ৪৮ ইঞ্চি ব্যাসের দুটি পাইপলাইন শহরে ঢোকানোর ব্যবস্থা করেন ইঞ্জিনিয়াররা। তখন মেয়র ছিলেন ফিরহাদ হাকিম। টালায় নতুন ব্রিজের পাশে লোহার ডবল ডেকার বেইলি ব্রিজ বানানো হয়। তার মাধ্যমে একটি পাইপলাইন টালা থেকে ব্রিজের নীচ দিয়ে রাস্তা ক্রস করিয়ে টালা পোস্ট অফিস মোড়ের খালপাড় পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য হল, ভবিষ্যতে 
শহরে বাড়তে থাকা জনসংখ্যার জন্য বাড়তি জল সরবরাহ করা যায়। সেই বিকল্প পাইপলাইনটি এতদিন বন্ধ ছিল। সেটিই এবার কাজে লাগানো হচ্ছে। ব্রিটিশ আমলের পাইপলাইনটিও টালা পোস্ট অফিস মোড় দিয়ে খাল টপকে শহরে ঢুকেছে। সেখানেই এখন নতুন ৪৮ ইঞ্চি ব্যাসের পাইপের সঙ্গে আরও একটি ৪৮ ইঞ্চির পাইপ যুক্ত করে পুরানো ও ক্ষতিগ্রস্ত ৭২ ইঞ্চি পাইপের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে বৃহস্পতিবার রাতের মধ্যে এই সংযোগ 
স্থাপনের কাজ সেরে ফেলা যায়। তাহলে শুক্রবার কিংবা শনিবার সকাল থেকে লিংকিং লাইনের মাধ্যমে শহরে জল সরবরাহ স্বাভাবিক করে ফেলা সম্ভব হবে।