সংবাদদাতা, ঘাটাল: শনিবার ক্ষীরপাই শহরে স্বামী ধ্রুবানন্দ গিরি মহারাজের ১৫২তম আবির্ভাব তিথি উৎসব পালিত হল। স্বামী ধ্রুবানন্দ গিরি মহারাজের বসত বাড়ি ক্ষীরপাইয়ে পরম্পরা মেনে প্রতিবছরই শিষ্য, ভক্তদের ঢল নামে। তাঁদের গুরু মহারাজকে শ্রদ্ধা জানাতে কয়েক হাজার মানুষ সেখানে মিলিত হন। ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই আশ্রমে উপস্থিত হন। এদিন দূরদূরান্তের কয়েক হাজার মানুষ অন্নপ্রসাদ গ্রহণ করেন। আমরা ছোটবেলায় এই উৎসবের জন্য অপেক্ষায় থাকতাম। আগে ক্ষীরপাইয়ে সেভাবে কোনও মেলা হতো না। উত্তমাশ্রম ধ্রুবমন্দির ক্ষীরপাই শাখা আশ্রমে গিরি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষ্যে প্রায় সাতদিন মেলা চলত।



