বার্সেলোনা: ক্লাবের সঙ্গে বিবাদের জেরে বৃহস্পতিবার অধিনায়কত্ব খুইয়েছিলেন বার্সেলোনার গোলরক্ষক টার স্টেগেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যেই মিটল যাবতীয় সমস্যা। ফলে আসন্ন মরশুমে কাতালন ক্লাবটির আর্মব্যান্ড থাকবে জার্মান গোলরক্ষকের কাছেই। উল্লেখ্য, পিঠের চোটের কারণে প্রায় ছ’মাস মাঠের বাইরে ছিলেন এই জার্মান গোলরক্ষক। হয় অস্ত্রোপচারও। এই পর্বে বার্সার তিনকাঠির নীচে দুরন্ত পারফর্ম করেন সেজনি। ফলে চোট সারিয়ে মাঠে ফিরলেও, বেঞ্চেই জায়গা হয় টার স্টেগেনের। এমনকী, আসন্ন মরশুমে বার্সার এক নম্বর গোলরক্ষক হিসেবে পোলিশ দুর্গপ্রহরীই প্রথম পছন্দ কোচ হান্স ফ্লিকের। আর তাতেই অভিমান হয় তাঁর। তাই ক্লাব বলা সত্ত্বেও চিকিৎসা সম্পর্কিত কাগজপত্র লিগ কমিটির কাছে জমা দেননি তিনি। আর তাই রাতারাতি জার্মান গোলরক্ষককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় বার্সা। তবে নিজের ভুল শুধরে শুক্রবারই যাবতীয় নথি লা লিগা কমিটির কাছে পাঠান তিনি। আর তারপরেই টার স্টেগেনকে ফের অধিনায়ক পদে বহাল রাখার সিদ্ধান্ত নেয় বার্সা। নেতৃত্ব ফিরে পেলেও, মরশুমের শুরুতে বেঞ্চেই বসতে হতে পারে তাঁকে। রবিবার হোয়ান গাম্পার ট্রফির ফাইনালে কোমোর মুখোমুখি হবে বার্সা। ১৬ আগস্ট লা লিগায় প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োরকা।



