Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে রেলগেটের সামনের রাস্তা সংস্কার ঘিরে টানাপোড়েন

বারুইপুর রেলগেটের ঠিক দক্ষিণ দিকে বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে যাওয়ার রাস্তা বেহাল।

বারুইপুরে রেলগেটের সামনের রাস্তা সংস্কার ঘিরে টানাপোড়েন
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর রেলগেটের ঠিক দক্ষিণ দিকে বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে যাওয়ার রাস্তা বেহাল। পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে, আর তাতে জমছে জল। অভিযোগ, বেহাল দশার জন্য ব্যস্ত এই রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিন্তু রাস্তাটি মেরামত করবে কারা? এই নিয়ে বারুইপুর পুরসভা ও রেলের মধ্যে চলছে টানাপোড়েন। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বারুইপুরের স্টেশন ম্যানেজার জানিয়ে দিয়েছেন, এই রাস্তা রেলের মেরামত করার কথা নয়। এটা করবে বারুইপুর পুরসভা। আর বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, এটা রেলের রাস্তা, রেলকেই সংস্কার করতে হবে। রেলের দায়িত্বের মধ্যে পড়ে এটা।

Advertisement

এই রাস্তা দিয়ে রোজ বারুইপুর স্টেশনে যাতায়াত করেন কয়েকশো মানুষ। রাস্তাতেই আছে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়। পড়ুয়াদের রোজ গর্তে জমা জলে পা দিয়েই আসতে হয়। টোটো থেকে শুরু করে অটোর নিত্য যাতায়াত এই রাস্তায়। সন্ধ্যার পরে রাস্তাটি বিভীষিকা হয়ে দাঁড়ায়। একটু অসতর্ক হয়ে চলাচল করলেই পথচারীদের হোঁচট খেতে হয়। প্রতিদিনই দুর্ঘটনা লেগে এখানে। হয় অটোর চাকা গর্তে পড়ছে, নয় টোটোর চাকা গর্তে পড়ে উল্টে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, রোজই বিপদ লেগে আছে এই রাস্তায়। প্রশাসনের লোকজন সব দেখেও দায় এড়াচ্ছেন। স্কুল পড়ুয়ারা রোজ পড়ে যাচ্ছে, চোট পাচ্ছে। আরও ভারী বৃষ্টি নামলে রাস্তা পুকুরে পরিণত হবে। অবিলম্বে এই ব্যাপারটা প্রশাসনের দেখা উচিৎ। তবে পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতমবাবু আরও বলেন, শুধু এই রাস্তা নয়। স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে কিশোর সঙ্ঘ যাওযার রাস্তাটিও রেলের। কিন্তু তাঁদের উদাসীনতার জন্য মেরামত হচ্ছে না সেটিও। রাস্তায় আলো পর্যন্ত লাগায়নি রেল। মানুষ রেলগেটের রাস্তার পাশাপাশি ওই রাস্তাতেও দুর্ভোগে পড়ছে। আমরা রেলের ডিআরএম-কেও জানিয়েছিলাম। কিন্তু কোনও কাজ হয়নি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ