সংবাদদাতা, কালনা: মঙ্গলবার সন্ধ্যায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হন কালনা থানার পুলিশকর্মীরা। ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কালনার বাঘনাপাড়া মাঝেরপাড়ার বাসিন্দা দীপালি দাস(৪০) নামে এক মহিলাকে সোমবার সন্ধ্যা নাগাদ জ্বর সহ অন্যান্য সমস্যা নিয়ে কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভরতি করেন পরিবারের লোকজন। মঙ্গলবার বিকাল সারে ৪টে নাগাদ রোগিণীর অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা চেষ্টা করলেও তাঁকে বাঁচানো যায়নি। মৃত্যুর পরই রোগীর পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ করা হয়। খবর পেয়ে হাসপাতালে ডিউটিতে থাকা পুরুষ ও মহিলা পুলিশকর্মীরা আসেন। এরপরই পুলিশকে লক্ষ্য করে গালিগালজ করা হয়। পুলিশ সংযত হতে বললে আরও বেপরোয়া হয়ে পুলিশকর্মীদের উপর চড়াও হয়। এক মহিলা পুলিশকর্মীর পোশাক ছিঁড়ে হেনস্তা করা হয়। মৃতার দিদি রূপা দাস বলেন, জ্বর নিয়ে বোনকে ভরতি করা হয়েছিল। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগিণীকে সোমবার সন্ধ্যার দিকে জ্বর ও প্রস্রাবে ইনফেকশন সহ অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল। পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছিল। বিকালে হঠাৎ অবস্থার অবনতি হলে মারা যান। চিকিৎসার গাফিলতির অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এক পুলিশ অফিসার বলেন, উত্তেজনা থামাতে গেলে পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন। কয়েকজনকে আটক করা হয়েছে।



