সংবাদদাতা, উলুবেড়িয়া: জাতীয় সড়কের ধার দিয়ে হেঁটে বাজার করতে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের দুই মহিলার। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ঈশ্বরীপুরে। এই এলাকাটি বাগনান থানার অন্তর্গত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন ময়না মণ্ডল (৬০) এবং মীনা মণ্ডল (৪৫)। তাঁরা ওই এলাকাতেই থাকতেন। সম্পর্কে তাঁরা জা। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ চালক সহ ডাম্পারকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুই জা দেউলটি বাজারে যাচ্ছিলেন বাজার করতে। সকাল সাড়ে ১০টা জাতীয় সড়কের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় কোলাঘাটমুখী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিং ভেঙে দুই মহিলাকে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে নেমে যায়। দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। এদিকে, এই ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ক্ষুব্ধ জনতা পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয়। প্রায় আধঘণ্টা পথ অবরোধ চলার পর উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। তারপর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। পরে পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
স্থানীয় মানুষদের অভিযোগ, ঈশ্বরীপুর এলাকায় জাতীয় সড়কের পাশে কোনও সার্ভিস রোড না থাকায় যাতায়াত করতে প্রচুর সমস্যার মুখে পড়তে হয়। সেইসঙ্গে মাঝে মধ্যেই এই রকম দুর্ঘটনার কবলে পড়তে হয় তাঁদের। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানান তাঁরা। অন্যদিকে, অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। প্রসঙ্গত, মাসখানেক আগে জাতীয় সড়কের পাশে পুলিশের টহলরত গাড়ি দাঁড়িযে থাকার সময় পিক আপ ভ্যানের ধাক্কায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। -নিজস্ব চিত্র