সংবাদদাতা, ফালাকাটা: শুক্রবারের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার জেরে শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াল ফালাকাটার কুঞ্জনগরে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অসিত করকে গ্রেপ্তারের দাবিতে এদিন সকালে স্থানীয় মহিলারা মিছিল করেন। তাঁরা কুঞ্জনগর বাজারের দোকানপাট বন্ধ করে দেন। অভিযোগ, এদিন সকালে ফের ওই পঞ্চায়েত সদস্যের অনুগামীরা আক্রান্তদের হুমকি দেয়। তারপর ঘটনার তদন্তে এলাকায় আসে ফালাকাটা থানার পুলিস। তখন পুলিসের সামনে শুরু হয় উভয়পক্ষের বচসা। পরে আইসি অভিষেক ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আইসি বলেন, উভয়পক্ষ অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
শুক্রবার কুঞ্জনগরে মল প্রক্রিয়াকরণ প্রকল্পের কাজ দেখতে আসে জেলা প্রশাসনের একটি টিম। তাদের আপত্তির কথা জানান এলাকার মহিলারা। সেই টিম চলে যাওয়ার পর এলাকার পঞ্চায়েত সদস্য অসিত কর গ্রামের মহিলাদের প্রকাশ্যে রাস্তায় মারধর করেন বলে অভিযোগ। সেই ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) ভাইরাল হয় সমাজমাধ্যমে। রাতেই মহিলারা থানায় অভিযোগ করেন।
অসিত এদিন বলেন, শুক্রবার বিকেলে আমাকে এলাকার কিছু মহিলা আক্রমণ করেন। ভাইরাল ভিডিওয় পরের অংশ দেখানো হচ্ছে। আগের অংশ সেখানে নেই। আমি আত্মরক্ষার চেষ্টা করলে হাতে চোট পাই। হাসপাতালে ডাক্তার দেখিয়ে এফআইআর করি।
গ্রামের মহিলা চিনু ঘোষ বলেন, পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের দাবিতেই মিছিল করা হয়। অন্য বুথের পঞ্চায়েত সদস্য কেন এই বুথের লোকজনকে মারধর করবেন। ফের সদস্যের লোকজন আমাদের হুমকি দিয়েছে।