নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘সেবা সংকল্প অভিযান’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। রাজ্যব্যাপী এই কর্মসূচির মধ্যে থাকবে মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ারও উদ্যোগ। অনুষ্ঠিত হবে জনকল্যাণ শিবির। ২-৪ অক্টোবর ব্লক, পুরসভা ও কর্পোরেশন পর্যায়ের কর্মসূচির নাম ‘সেবা সেতু অভিযান’। এখানে কেন্দ্র ও রাজ্যের জনমুখী প্রকল্পগুলিতে নাম লেখানো চলবে। সেবা সংকল্প অভিযানে পালিত হবে মোট ১০টি কর্মসূচি। ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে প্রতিটি কর্মসূচির জন্য দেওয়া হয়েছে পৃথক নাম।
১৭ সেপ্টেম্বর এই উদ্যোগটি শুরু হবে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির মধ্য দিয়ে। সেদিন রাজ্যজুড়ে সন্ধ্যা ৭টার সময় প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০ হাজার প্রদীপ জ্বালানো হবে। ১ লক্ষ প্রদীপ জ্বালানো হবে কলকাতায় গঙ্গার ঘাটে। প্রতিটি ৪ টাকা দামে মোমের দিয়া ব্লক, পুরসভা পর্যায়ে কিনতে বলা হয়েছে। কলকাতার গঙ্গার ঘাটে এক লক্ষ প্রদীপ জ্বালানোর কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্জুন, পদ্মসহ বিভিন্ন পুরস্কার প্রাপক এবং বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন জায়গায় এই কর্মসূচিতে শামিল করার উদ্যোগ নিতে বলা হয়েছে।
ওইদিন কলকাতার সঙ্গে জেলাগুলিতেও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অফিস ভবনগুলিকে বিশেষভাবে আলোকিত করা হবে। রেশন ডিলাররা এই কর্মসূচিতে অংশ নেবেন বলে তাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র-ছাত্রীদের ‘আমার স্বপ্নের ভারত’-সহ বিভিন্ন কমর্সূচিতে তাদের যুক্ত করতে বলা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির তিনদিনের বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অঙ্গন মিলন সেবা’।