সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ি বিডিও অফিসের অস্থায়ী কর্মীদের দিয়ে ইনিউমারেশন ফর্মের ডেটা এন্ট্রি করানোকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায় অফিস চত্বরে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ এসআইআরের কাজে কোনও অস্থায়ী বা চুক্তিভিক্তিক কর্মীকে যুক্ত করা যাবে না। চুক্তিভিক্তিক ডেটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক স্টাফ, বিএসকে কর্মী কেউই এই ডেটা এন্ট্রির কাজ করতে পারবেন না। কমিশনের নির্দেশ অনুযায়ী, যেখানে স্থানীয় পর্যায়ে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে সেখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চিঠিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, নিয়ম ভেঙে এমন কর্মী নিয়োগ করলে সংশ্লিষ্ট বিডিও, ইআরও, এইআরওর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটার তালিকা সংশোধনের কাজে অনিয়ম বা বাইরের লোক যুক্ত করার কোনও সুযোগ নেই বলেও কমিশনের কড়া বার্তা।



