সংবাদদাতা, বারুইপুর: বাড়িতে বাবা ও মা ছিল না। সেই সুযোগে সাতসকালে বাড়িতে ঢুকে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ভাইপোর বিরুদ্ধে। অভিযোগ, ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল। এর জেরে মঙ্গলবার সকালে বারুইপুরের মদারাট পঞ্চায়েতে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত বারুইপুরের মদারাট পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান। নাবালিকার পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে। ১৭ বছরের কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। এলাকার বাসিন্দা ও পরিবারের লোকজন দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্ত পলাতক।



