মালাপ্পুরম: কয়েকদিন মাখলেই ঝকঝকে হবে ত্বক। ফিরবে জেল্লা। সৌন্দর্য বাড়বে কয়েকগুণ। ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় একটি ফেয়ারনেস ক্রিমের প্রচার করেছিলেন ইনফ্লুয়েন্সাররা। তাদের ভিডিয়োগুলিতে দাবি করা হয়েছিল, এই ক্রিম ব্যবহারে ব্রণ, কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশনের সমস্যা দূর হবে। তা বিশ্বাস করে ভিডিয়োতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে ওই ক্রিম কিনে ফেলে কেরলের এক কিশোরী (১৭)। প্রায় এক বছর ধরে ওই ক্রিম ব্যবহার করে সে। কিন্তু এর জেরে সে কিডনির রোগে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ।
আপাতত কেরলের মালাপ্পুরমের এক হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসাধীন। তার দাবি, ক্রিমটি ব্যবহারের পর আচমকাই তার রক্তচাপ কমে যেতে শুরু করে। পাশাপাশি অজ্ঞান হয়ে যাওয়া এবং পা ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। চিকিৎসক তথা নেফ্রোলজিস্ট গৌরী এস জানান, ওই কিশোরী মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামে গুরুতর কিডনির অসুখে আক্রান্ত। যার কারণ রক্তে অত্যধিক পারদ মিশে যাওয়া। ক্রিমের নমুনা পরীক্ষা করেও মাত্রাতিরিক্ত পারদ মিলেছে। কিশোরী জানিয়েছে, অসুস্থতার কথা সে সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়েছিল। কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এই ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কিশোরীর পরিবার।



