নিউ জার্সি: ব্রাজিল শিবিরে এখন নেইমার রীতিমতো ধাঁধা। অনেক নাটকের পর তারকা ফুটবলারকে দলে নিতে বাধ্য হয়েছেন কোচ কার্লো আনসেলোত্তি। কিন্তু, তারপর থেকেই ‘নেইমারের দেখা নেই রে...’ গানই শোনা যাচ্ছে সাম্বা সমর্থকদের গলায়। বিশ্বকাপের শুরুর দিনেও অনুশীলনে গরহাজির তিনি। তবুও সতীর্থরা আস্থা রাখছেন নেইমারের উপর। শুক্রবার এক সাক্ষাত্কারে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস বলছিলেন, ‘নেইমারের জাতীয় দলে সুযোগ পাওয়াটা মোটেই সারপ্রাইজ নয়। ও ব্রাজিলের তারকা। হলুদ জার্সিতে পরিসংখ্যানই ওর হয়ে কথা বলবে। আমরা সবাই আশাবাদী, দ্রুত ফিট হয়ে নেইমার পুরানো ফর্মে ফিরবে এবং দলকে সাহায্য করবে।’ গুইমারেস কিংবা ভিনিসিয়ায়রা শুধু নন, সেলেকাও অনুরাগীরাও দলের সেরা তারকাকে নিয়ে আশায় বুক বাঁধছেন। বৃহস্পতিবারই ব্রাজিলের নভো হামবার্গোতে ফুটিয়ে তোলা হয়েছে নেইমারের ৮৫০ স্কোয়ার মিটার স্ট্রিট ম্যুরাল।



