কর্ণাটকের কাছে হারল বাংলা
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরুটা মধুর হল না বাংলার। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কর্ণাটকের কাছে ১৯ রানে বশ মানে বঙ্গ ব্রিগেড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কর্ণাটক নির্ধারিত ২০ ওভারে তোলে ১৮৪। অর্ধশতরান করেন করুণ নায়ার। ৭টি বাউন্ডারি সহ ৩৫ বলে তাঁর সংগ্রহ ৫৩। বাংলার সফলতম বোলার সায়ন ঘোষ। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৮ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন তিনি। সম্প্রতি পিতৃ বিয়োগ হয়েছে সায়নের। কিন্তু শোকের আবহেও দৃঢ় মানসিকতার পরিচয় রেখে উজাড় করে দেন তিনি। যদিও ব্যাটারদের ব্যর্থতায় সায়নের লড়াই বিফলে গেল। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানে থামে বাংলা। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন সুদীপ ঘরামি (৬৫)। এছাড়া অর্ধশতরান হাঁকিয়েছেন শাহবাজ (৫৬)। কিন্তু বাকিদের ব্যর্থতায় হতাশাই সঙ্গী লক্ষ্মীরতন শুক্লার দলের। 

Advertisement

এদিকে, কলকাতায় সল্টলেক ক্যাম্পাসে সূর্যকুমার যাদবের (২১ বলে অপরাজিত ৬০) ঝোড়ো ইনিংসের সুবাদে হায়দরাবাদকে (১৭২) ৭ উইকেটে হারাল মুম্বই (১৭৪-৩)। অন্যদিকে, ইন্দোরে ১৫ বছর ২৩২ দিন বয়সে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিহারকে নেতৃত্ব দিয়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এত কম বয়সে কেউ নেতৃত্ব দেয়নি। তবে বৈভব ব্যাটে (১৮) বড়ো রান পায়নি। দলও হেরেছে।