আজ শেষ ওডিআই, সিরিজ জিততে মরিয়া ভারত
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাউন্ট মঙ্গানুই: গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ভারত কখনো বিদেশে ওডিআই সিরিজ জেতেনি। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড— পঞ্চাশ ওভারের ফরম্যাটে একের পর এক সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। রবিবার বে ওভালে শ্রেয়স আয়ার ব্রিগেডের সামনে তাই বিরল সুযোগ। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ এগিয়ে। একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় নিউজিল্যান্ডের পক্ষে সিরজ জেতা অসম্ভব। তবে পঞ্চম ওডিআই জিতলে ভারতের পথে কাঁটা ছড়াবে তারা। গত সাত বছরে দেশের মাটিতে কখনো ওডিআই সিরিজ হারেনি কিউয়িরা। এই ম্যাচ জিতলে ঘরের মাঠে ফের অপরাজিত থাকবে তারা। শুক্রবার ভারতকে দুমড়ে-মুচড়ে হারানোর পর মিচেল স্যান্টনারের দলের আত্মবিশ্বাসও তুঙ্গে। অন্যদিকে, গত ম্যাচের হতাশা ভুলে সিরিজ জয়ের আশায় টিম ইন্ডিয়া। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

এই সিরিজে ‘রো-কো’ জুটিকে নিয়ে সমর্থকদের উন্মাদনা আকাশছোঁয়া। বিরাট কোহলি প্রথম ম্যাচে দুরন্ত ইনিংসে প্রত্যাশাপূরণ করলেও তারপর নিষ্প্রভ থেকেছেন। শুক্রবার ম্যাট হেনরির ডেলিভারিতে যেভাবে ছিটকে গিয়েছে তাঁর স্টাম্প, তা ভিকে’র ইগোকে আহত করতে বাধ্য। রোহিত শর্মা আবার এই সিরিজে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। দুই মহারথীরই সম্ভবত এটাই শেষ নিউজিল্যান্ড সফর। রবিবার ‘কিং’ কোহলি ও ‘হিটম্যান’ রোহিত— দু’জনেই চাইবেন বিদায়ী ইনিংস স্মরণীয় করে রাখতে।
টেস্টের প্রস্তুতির জন্য শুভমান গিল, লোকেশ রাহুল শুক্রবার খেলেননি। ফলে দুর্বল হয়েছে ভারতের ব্যাটিং। তারপরও ৩৩৪ তাড়া করে ২৭ ওভারের মধ্যে ৮৯ রানে ইনিংসে দাঁড়ি পড়ার ব্যাখ্যা হয় না। কোচ গম্ভীরের প্রকাশ্যেই উদ্বেগ বুঝিয়ে দিয়েছে, এই পারফরম্যান্সে তিনি কতটা বিরক্ত। পরের বছর ওডিআই বিশ্বকাপ এমন কন্ডিশনেই খেলা হবে বলে মনে করা হচ্ছে। ব্যাটারদের এমন আত্মসমর্পণ সেজন্যই সতর্কবার্তা। 
আসলে বোর্ডে রান ওঠার আগেই প্রথম ওভারে তিন উইকেট হারিয়ে ভেন্টিলেশনে চলে যায় টিম ইন্ডিয়া। তারপর শুধুই যাওয়া-আসার পালা। ৬ উইকেট নিয়ে ত্রাসে পরিণত ম্যাট হেনরি অবশ্য রবিবার বল হাতে দৌড়ে আসবেন না। এটা বড়ো স্বস্তি। টেস্টের প্রস্তুতির জন্য হেনরি ছাড়াও নেই কাইল জেমিসন। পরিবর্তে নিউজিল্যান্ড খেলাতে পারে জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার ও ব্রেট র‌্যানডালের মধ্যে দু’জনকে। 
একই কারণে ভারত আবার পাচ্ছে না গুরনুর ব্রারকে। পরিবর্তে সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ। শুক্রবার হতাশ করলেও চায়নাম্যান কুলদীপ যাদবকে সম্ভবত খেলানো হবে। সেক্ষেত্রে দেশে ফেরার আগে এটাই তাঁর শেষ ম্যাচ হবে।
 খেলা শুরু সকাল ৭-৩০ মিনিটে।
সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে।