আল আমেরাত: শিশু দিবসে তারুণ্যের স্পর্ধা! পাকিস্তানের বিরুদ্ধে থ্রিলারে অবিশ্বাস্য জয়ের পর ওমানের মরুশহর সাক্ষী থাকল আবেগের বিস্ফোরণের। ট্রফি হাতে মোহিত উলভা, মানাল চৌহান, আর্যবীর সেওয়াগদের বডি ল্যাঙ্গুয়েজে ঝরে পড়ল আত্মবিশ্বাস। দিন কয়েক আগেই গ্রুপের ম্যাচে পরাজয়ের পর যে অঙ্গভঙ্গি সহ্য করতে হয়েছিল, সেটাই যেন সুদে-আসলে ফেরাল লক্ষ্য রায়চন্দানি ব্রিগেড। এমন নাটকীয় জয়ের পর আঠারো-উনিশের তরতাজা প্রাণ এভাবেই তো প্রাপ্যটা বুঝিয়ে দেবে বিপক্ষকে। বিশেষ করে উলটোদিকে যখন পাকিস্তান!
ভারত জিতবে, এটাই তো একসময়ে অলীক দেখাচ্ছিল। ৩৩৮ রানের টার্গেট তাড়া করে ৪২ ওভারের শেষে ধুঁকছিল ইনিংস। স্কোর তখন ২৫২-৮। ক্যাপ্টেন লক্ষ্য (৮০), আর্যবীররা (৫৮) ফিরে এসেছেন ড্রেসিং-রুমে। সামনে ঝুলছে নিশ্চিত পরাজয়ের খাঁড়া। ৪৮ বলে দরকার আরও ৮৬। হাতে মাত্র দু’উইকেট। তখন কে ভেবেছিল বাকি আছে এমন নাটকীয় মোচড়! সাতে নামা মানাল চৌহান (৩২ বলে ৪৭) ও দশ নম্বর ব্যাটার মোহিত (২৬ বলে অপরাজিত ৪৯) অবশ্য খাদের কিনারায় পৌঁছেও নিজেদের উপর ভরসা হারাননি। ৩৫ বলে দু’জনে যোগ করেন মহামূল্যবান ৫৭। মানাল যখন ফিরছেন, তখনও বাকি ২৯ রান।
দলের একনম্বর পেসার ঈশান সুদ ফিট থাকলে এই ম্যাচ খেলাই হয় না চিগুরুপতি ভেঙ্কটের। কে জানত, এগারো নম্বরে নেমে মোহিতের সঙ্গে ম্যাচ জেতানো পার্টনারশিপ করবেন তিনি (অপরাজিত ১১)! অবিচ্ছিন্ন দশম উইকেটে ১৬ বলে তাঁদের এই ৩০ রানের জুটি মরুভূমিতে মরূদ্যানের চেয়েও দামি। টানটান উত্তেজনার মধ্যে শেষ বলে ভারতের দরকার ছিল ৩। মাঠজুড়ে তখন পিনপতনের নীরবতা। পারলে সরবিট্রেট মুখে দেন দর্শকরা। মোহিত কিন্তু বিশ্বাস হারাননি। ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ ফিল্ডারের নাগাল এড়িয়ে তাঁর শট রকেটের গতিতে পৌঁছায় সীমানায়। মুহূর্তে শুরু দেওয়ালির উচ্ছ্বাস। হতভম্ব পাক ক্রিকেটারদের সামনে বিজয়োল্লাসে মেতে ওঠেন ভারতীয়রা। যুব একদিনের ম্যাচে ভারত অতীতে কখনো এত বড়ো রান তাড়া করেনি। মোহিতরা গড়লেন ইতিহাস।
চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেওয়াগরা। প্রধানমন্ত্রীর কথায়, ‘অনবদ্য পারফরম্যান্স! ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য গর্বিত।’ সৌরভের মন্তব্য, ‘সাবাশ! পুরো দলকে অভিনন্দন। ছোট্ট সেওয়াগের দারুণ টুর্নামেন্ট গেল। বাবা বীরু নিশ্চয়ই গর্বিত।’
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩৩৭-৯ (উসমান খান ১০৭, আবদুল কাদির ৮০, ফারহান হুসেন ৬৩, কাব্য প্যাটেল ৪-৬৮, চিগুরুপতি ভেঙ্কট ৩-৪০)। ভারত ৩৩৯-৯ (লক্ষ্য রায়চন্দানি ৮০, আর্যবীর সেওয়াগ ৫৮, মোহিত উলভা অপরাজিত ৪৯, মানাল চৌহান ৪৭, রিজওয়ানউল্লা ৩-৫৩)।
ভারত ১ উইকেটে জয়ী ম্যাচের সেরা: মোহিত উলভা প্রতিযোগিতার সেরা: আর্যবীর সেওয়াগ।



