Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে ম্যাচ জেতাবে গিল, আশা সতীর্থ অভিষেক শর্মার

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ২৮ করেছেন শুভমান গিল। কিন্তু একেবারেই ছন্দে দেখা যায়নি তাঁকে।

বিশ্বকাপে ম্যাচ জেতাবে গিল, আশা সতীর্থ অভিষেক শর্মার
  • ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ধরমশালা: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ২৮ করেছেন শুভমান গিল। কিন্তু একেবারেই ছন্দে দেখা যায়নি তাঁকে। এমনিতেই সঞ্জু স্যামসনকে বসিয়ে তাঁকে ওপেনার হিসেবে খেলানোর যৌক্তিকতা নিয়ে চলছিল চর্চা। ২৮ বলের ইনিংসে যেভাবে অস্বস্তিতে পড়েছেন, তারপর সমালোচনার ঝাঁঝ বেড়ে গিয়েছে। এই ফরম্যাটে ১৫ ইনিংসে এখনও পর্যন্ত মাত্র ২৯১ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৩৭.৩। মেরেছেন মাত্র চারটি ছক্কা। অবশ্য শুধু গিলই নন, ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও রানের মধ্যে নেই। এক বছরেরও বেশি সময় ধরে পঞ্চাশ আসেনি তাঁর ব্যাটে। তবে দুই তারকার উপরই আস্থা রাখছেন সতীর্থ অভিষেক শর্মা। 

Advertisement


সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার পর বাঁ-হাতি ওপেনার সাফ বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, দু’জনেই টি-২০ বিশ্বকাপে ম্যাচ জেতাবে। শুধু তাই নয়, চলতি সিরিজেও ওদের ব্যাটে বড় রান মিলবে।’ ১২ বছর বয়স থেকে গিলের সঙ্গে খেলছেন অভিষেক। এক দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব তাঁদের। সেজন্য বন্ধুর ব্যাপারে বিশ্বাসটাও বেশি, ‘দু’জনের সঙ্গেই দীর্ঘদিন ধরে খেলছি। বিশেষ করে গিলের সঙ্গে সম্পর্ক বহুকালের। আমি জানি, ও কী ধরনের কন্ডিশনে ম্যাচ জেতাতে পারে। বিপক্ষ যে দলই হোক না কেন, দলকে জেতানোর ক্ষমতা ওর রয়েছে। বরাবরই গিলের দক্ষতার উপর আমার বিশ্বাস রয়েছে। আশা করি, সবাই ওকে সেরা ছন্দে শীঘ্রই দেখতে পাবে।’
রবিবার ১১৮ রানের টার্গেট তাড়া করে ১৮ বলে ৩৫ করেন অভিষেক। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই গিল, সূর্য ছন্দে না থাকলেও জিততে অসুবিধা হয়নি। অভিষেক বলেছেন, ‘জোরে বোলিংয়ের জন্য সহায়ক ছিল পরিস্থিতি। জানতাম, শুরুটা ভালো হলে পাওয়ার প্লে-র মধ্যেই আমাদের জয় নিশ্চিত হয়ে যাবে।’


প্রোটিয়াদের কম রানে আটকে রাখার জন্য অবশ্য কৃতিত্ব প্রাপ্য ভারতীয় বোলারদের। বৃহস্পতিবার মুল্লানপুরে ২১৩ তুলেছিল আইডেন মার্করাম ব্রিগেড। কিন্তু ধরমশালায় স্বমহিমায় দেখা দেন অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীরা। ভারতের বোলিং কোচ বিসিসিআই টিভিতে মর্নি মর্কেল বলেছেন, ‘ছেলেদের জন্য খুশি। ওরা দারুণভাবে প্রত্যাঘাত করেছে।’ মুল্লানপুরে সাতটি ওয়াইড করা অর্শদীপকে ম্যাচের সেরা বেছে নেওয়া হয় ধরমশালায়। মজার ছলে বাঁ-হাতি পেসারের মন্তব্য, ‘গত ম্যাচে ওয়াইডগুলো করার সময় লাইভ ক্যামেরায় বারবার মর্নির মুখ দেখাচ্ছিল। যেন ওয়াইডের জন্য ও-ই দায়ী। এই ম্যাচে আমি চেষ্টা করেছি ক্যামেরার হাত থেকে ওকে বাঁচাতে!’ হর্ষিত রানা আবার প্রশংসায় ভরিয়েছেন অর্শদীপকে। যশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে দলে আসা তরুণ পেসারের মতে, ‘অর্শদীপের সঙ্গে বোলিং উপভোগ করি। ও একটা দিক থেকে চাপে রাখে ব্যাটারদের। ফলে আমারও সুবিধা হয়। ধরমশালায় এই প্রথমবার এতো ভালোভাবে বোলিং উপভোগ করলাম।’

Advertisement
সম্পর্কিত সংবাদ