নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এশিয়া কাপ খেলতে দুবাই পৌঁছে গেলেন সূর্যকুমার যাদবরা। প্রতিযোগিতা শুরু ৯ সেপ্টেম্বর। ভারত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করবে। প্রতিপক্ষ আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি। তবে ১৪ তারিখ ভারত-পাক মহারণের দিকে নজর ক্রিকেট মহলের। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের নিরিখে এই ম্যাচের গুরুত্ব যথেষ্ট। দুই দল ফাইনালে উঠলে তিনবার মুখোমুখি হবে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তানকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। বৃহস্পতিবার সিএবি’তে মহারাজ জানালেন, ‘ভারতই এশিয়া কাপ জিতবে। শ্রীলঙ্কা ছাড়া আর কোনও দল টক্কর দিতে পারবে বলে মনে হচ্ছে না।’
এদিকে, সিএবি নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছে। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ছ’টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। সৌরভ গাঙ্গুলি সভাপতি পদে মনোনয়ন দিতে পারেন শেষ দিনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর নির্বাচিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে বাকি পদাধিকারীদের নাম ঠিক করতে তাঁকে বেশ চিন্তাভাবনা করতে হচ্ছে। লোধা আইনের কারণে অনেকেই মনোনয়ন জমা দিতে পারবেন না। তাই একাধিক নতুন মুখ দেখা যেতে পারে কমিটিতে।
সৌরভ সভাপতি হলে বোর্ডের এজিমে সিএবি থকে প্রতিনিধিত্ব করবেন। খুব সম্ভবত ২৬ কিংবা ৩০ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। রজার বিন্নির জায়গায় কে হবেন পরবর্তী সভাপতি, তা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রখ্যাত এক প্রাক্তন ক্রিকেটারকে সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তা গ্রহণ করেননি। নাম ভাসছে রাজীব শুক্লার। তবে প্রাপ্য মর্যাদা দিলে সৌরভ গাঙ্গুলি ফের বোর্ড সভাপতি হতে পারেন বলে সিএবি’তে জোর চর্চা।