Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ম্যাঞ্চেস্টারে প্রথমবার টেস্ট জয়ের খোঁজে টিম ইন্ডিয়া, অর্শদীপের চোট, খেলতে পারেন বুমরাহ

চারটি হার, পাঁচটি ড্র, নেই কোনও জয়— ওল্ড ট্রাফোর্ডে এটাই টিম ইন্ডিয়ার টেস্ট পারফরম্যান্স। ১৯৩৬ সালে ম্যাঞ্চেস্টারের ঐতিহাসিক ভেন্যুতে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলে প্রথম ম্যাচটি খেলেছিল ভারত।

ম্যাঞ্চেস্টারে প্রথমবার টেস্ট জয়ের খোঁজে টিম ইন্ডিয়া, অর্শদীপের চোট, খেলতে পারেন বুমরাহ
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

বেকেনহ্যাম: চারটি হার, পাঁচটি ড্র, নেই কোনও জয়— ওল্ড ট্রাফোর্ডে এটাই টিম ইন্ডিয়ার টেস্ট পারফরম্যান্স। ১৯৩৬ সালে ম্যাঞ্চেস্টারের ঐতিহাসিক ভেন্যুতে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলে প্রথম ম্যাচটি খেলেছিল ভারত। তারপর টেমস দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু জয় অধরাই থেকে গিয়েছে এই মাঠে। শুভমান গিলরা কি পারবেন চাকা ঘোরতে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। ২৩ জুলাই শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে হোমটিম। তাই ম্যাঞ্চেস্টার টেস্ট ভারতের কাছে মরণ-বাঁচন লড়াই। হারলে আরও এক সিরিজ খোয়ানোর যন্ত্রণা নিয়ে দেশে ফিরতে হবে গিল, ঋষভদের। তবে এই ভারতীয় দলকে নিয়ে স্বপ্ন দেখা যায়। হেডিংলেতে হেরেও এজবাস্টনে দুর্দান্ত কামব্যাক করেছিল গিল বাহিনী। সেটাই ছিল ওই ভেন্যুতে ভারতের প্রথম টেস্ট জয়। তাই সমর্থকদের আশা, ম্যাঞ্চেস্টারেও রেকর্ড বদলাবে টিম ইন্ডিয়া।

Advertisement

লর্ডস টেস্টে ২২ রানে হেরে মুষড়ে পড়েনি ভারতীয় ক্রিকেটাররা। তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার বেকেনহ্যামে দলের অনুশীলনে। গিল, ঋষভরা ধরা দিয়েছেন ফুরফুরে মেজাজে। নেটেও বেশ চনমনে ছিলেন জাদেজারা। কোচ গৌতম গম্ভীরের শেন্য দৃষ্টি ছিল ছেলেদের উপর। আসলে সিরিজে টিকে থাকতে হলে হারলে চলবে না। তাই লড়াকু পারফরম্যান্স মেলে ধরার ব্যাপারে ক্রিকেটাররা সংকল্পবদ্ধ। গত ম্যাচের ভুলত্রুটি শুধরে নেওয়ার প্রয়াসও চোখে পড়েছে। লর্ডসে ভারতের ব্যাটিং সেভাবে জমাট লাগেনি। বিশেষ করে তিন নম্বরে নামা করুণ নায়ারের ধারাবাহিক ব্যর্থতায় টিম ম্যানেজমেন্ট অসন্তুষ্ট। তাঁর জায়গায় ম্যাঞ্চেস্টারে খেলানো হতে পারে সাই সুদর্শন কিংবা অভিমন্যু ঈশ্বরণকে। বাঁ হাতি সুদর্শন প্রথম টেস্টে সুযোগ কাজে লাগাতে পারেননি। তাই ঈশ্বরণের শিকে ছিঁড়তে পারে। তিনি দীর্ঘদিন ধরেই স্কোয়াডে। কিন্তু তাঁকে বসিয়ে রাখা হচ্ছে, যা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
এদিকে, চোট সমস্যা বাড়ল ভারতীয় শিবিরে। অনুশীলনে হাত ফাটল অর্শদীপ সিংয়ের। নেটে সুদর্শনের শটে তিনি আঘাত পেয়েছেন বলে সহকারী কোচ রায়ান ডয়েশকাটে জানিয়েছেন। বাঁ হাতি পেসারের খেলার সম্ভাবনা কম। তাই মনে করা হচ্ছে, যশপ্রীত বুমরাহকে হয়তো এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে না। সিরিজ শুরুর আগেই ভারতীয় কোচ গম্ভীর জানিয়েছিলেন, তিনটি ম্যাচে খেলানো হবে বুমবুমকে। ওয়ার্কলোড কমাতেই এই সিদ্ধান্ত। সেই মতো এজবাস্টনে বাদ পড়েছিলেন বুমবুম। তবে সেই ম্যাচ জিতেছিল ভারত। এখন লড়াই সিরিজে টিকে থাকার। ম্যাঞ্চেস্টার টেস্ট হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বুমরাহকে রেখেই দল নামাতে পারেন কোচ গম্ভীর। সেক্ষেত্রে পঞ্চম টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে তারকা পেসারকে।
গত ম্যাচে হাতে চোট পাওয়ায় ফিল্ডিং করতে পারেননি ঋষভ পন্থ। ব্যাট করার সময়ও খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। এদিন অনুশীলনে পন্থকে দেখা গেল ফিল্ডিং কোচের ভূমিকায়। তবে চতুর্থ টেস্টের আগে অনেকটা সময় রয়েছে হাতে। তার আগে ঋষভ পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেই আশা টিম ম্যানেজমেন্টের।

Advertisement
সম্পর্কিত সংবাদ