Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়ায় সিরিজ হারল টিম ইন্ডিয়া, রোহিতের ৭৩, ফের ব্যর্থ কোহলি, জাম্পার ৪ উইকেট

এক ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজ হেরে সেটাই প্রমাণ করল গিল বাহিনী।

অস্ট্রেলিয়ায় সিরিজ হারল টিম ইন্ডিয়া, রোহিতের ৭৩, ফের ব্যর্থ কোহলি, জাম্পার ৪ উইকেট
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যাডিলেড: বন্যেরা বনে সুন্দর, ভারতীয় ক্রিকেটাররা ঘরের মাঠে। এক ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজ হেরে সেটাই প্রমাণ করল গিল বাহিনী। অথচ এরাই যখন হোম গ্রাউন্ডে খেলে, তখন শোনা যায় সিংহের গর্জন। ক’দিন আগেই স্পিনের ইন্দ্রজালে ক্যারিবিয়ানদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন জাদেজারা। কিন্তু শক্তিশালী অজি বাহিনীর সামনে পড়তেই সব জারিজুরি শেষ। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হার ভারতীয় দলের কাছে বড়ই লজ্জার!

Advertisement

পারথে প্রথম একদিনের ম্যাচে ব্যর্থতার পর বৃষ্টিকে কাঠগড়ায় তুলেছিলেন ক্যাপ্টেন গিল। কিন্তু বৃহস্পতিবার অ্যাডিলেডে পরাজয়ের কারণ কী? প্রবল চাপে থাকা রোহিত শর্মার ৭৩, শ্রেয়সের লড়াকু ৬১ এবং অক্ষরের অলরাউন্ড পারফরম্যান্স ছাড়া পাতে দেওয়ার মতো কিছুই নেই। বিরাট শূন্যতাই এখন সঙ্গী কোহলির। প্রিয় অ্যাডিলেডও মুখে ফেরাল তাঁর থেকে। চার বল খেলে খাতাই খুলতে পারলেন না মহাতারকা। বার্টলেটের বলে লেগ বিফোর হওয়ার পর চেয়েছিলেন রিভিউ নিতে। সতীর্থ রোহিতের থেকে ইতিবাচক সাড়া না পেয়ে নতমস্তকে হাঁটা দিলেন ড্রেসিং-রুমে। প্রিয় ক্রিকেটারের এই করুণ পরিণতিতে ভক্তদের হৃদয় রক্তাক্ত। কোহলি নিজেও যেন দেওয়াল লিখন পড়তে পারছেন। গ্লাভস তুলে কীসের যেন ইঙ্গিত দিলেন তিনি! তাহলে কি অবসর নিতে চলেছেন? সিডনি যদি সেই মঞ্চ হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। এমনই গুঞ্জন ক্রিকেট মহলে।
বড়ই করুণ দশা ক্যাপ্টেন গিলের। একদিনের ফরম্যাটে নেতৃত্বের চাপ কি তিনি নিতে পারছেন না? অভিষেক সিরিজে হার সেই প্রশ্নই তুলে দিচ্ছে। লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডিরাই বা কী করলেন। সবারই যেন এক খুরে মাথা কামানো। সামগ্রিক ব্যর্থতাই মুখ পোড়ালো টিম ইন্ডিয়ার। অক্ষরের ৪৪ ও হর্ষিতের ঝোড়ো ২৪ না হলে ভারত কোনওভাবেই ৯ উইকেটে ২৬৪ রানে পৌঁছাত না। অ্যাডিলেডের পিচে সুবিধা পেলেন স্পিনাররা। অ্যাডাম জাম্পা নিলেন চার উইকেট। তাহলে কোচ গম্ভীর কেন বসিয়ে রাখলেন কুলদীপকে? কথায় বলে, বিনাশকালে বুদ্ধিনাশ। নীতীশ রেড্ডিকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ডোবাচ্ছেন কোচ গম্ভীর। মাথার উপর হাত আছে নেতা-মন্ত্রীদের। তাই একের পর ভুল করেও বেহাল তবিয়তেই আছেন গুরু-গম্ভীর।
২৬৪ খুব খারাপ স্কোর নয়। কিন্তু সেটা ডিফেন্ড করার জন্য যে ধরনের বোলিং দরকার ছিল, তা চোখে পড়েনি। সেই সঙ্গে সহজ সহজ ক্যাচ ফেলার প্রদর্শনী সহজ করে দেয় অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের পথ। হর্ষিত রানার মতো ‘কোটার’ পেসারকে বয়ে বেড়ানোর অর্থ কী? ৮ ওভারে দিলেন ৫৯। প্রাপ্তি দুই উইকেট। অচল হর্ষিতের চেয়ে বর্ষীয়ান সামি খুব খারাপ খেলতেন বলে মনে হয় না।
জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৫৪ রানের মধ্যে মার্শ ও হেড ফিরে যান। তখন দরকার ছিল চাপ আরও বাড়ানো। কিন্তু ম্যাথু শর্ট দু’বার জীবন পেয়ে জয়ের ভিত গড়ে দেন। একবার তাঁর ক্যাচ ফেলেন অক্ষর। পরেরটা সিরাজ। শেষ পর্যন্ত শর্ট করেন ৭৪। তবে অস্ট্রেলিয়ার জয়ের সিংহভাগ কৃতিত্ব দাবি করতেই পারেন নবাগত কুপার কোনোলি ও মিচেল ওয়েন। পঞ্চম উইকেটে শর্টের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন কুপার। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।
শেষ লগ্নে পর পর তিনটি উইকেট ফেলে হাল্কা ঝাঁকুনি দিয়েছিল ভারত। ততক্ষণে অবশ্য ম্যাচ অস্ট্রেলিয়ার মুঠোয়। দলকে কাঙ্ক্ষিত জয় উপহার দিতে কুপারকে খুব বেশি বেগ পেতে হয়নি। ৪৬.২ ওভারে লক্ষ্যে পৌঁছোয় অজি ব্রিগেড (২৬৫-৮)। কুপার অপরাজিত থাকেন ৬১ রানে। ১৭ বছর পর অ্যাডিলেডে হারল ভারত। 
স্কোরবোর্ড-ভারত: রোহিত ক হ্যাজলউড বো স্টার্ক ৭৩, গিল ক মার্শ বো বার্টলেট ৯, কোহলি এলবিডব্লু বো বার্টলেট ০, শ্রেয়স বো জাম্পা ৬১, অক্ষর ক স্টার্ক বো জাম্পা ৪৪, রাহুল বো জাম্পা ১১, সুন্দর ক হ্যাজলউড বো বার্টলেট ১২, রেড্ডি স্টাম্প কেরি বো জাম্পা ৮, রানা অপরাজিত ২৪, অর্শদীপ বো স্টার্ক ১৩, সিরাজ অপরাজিত ০, অতিরিক্ত ৯। মোট ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪।
অস্ট্রেলিয়া: মার্শ ক রাহুল বো অর্শদীপ ১১, হেড ক কোহলি বো রানা ২৮, শর্ট ক সিরাজ বো রানা ৭৪, রেনশ বো অক্ষর ৩০, অ্যালেক্স কেরি বো সুন্দর ৯, কুপার অপরাজিত ৬১, ওয়েন ক অর্শদীপ বো সুন্দর ৩৬, বার্টলেট ক গিল বো অর্শদীপ ৩, স্টার্ক ক অক্ষর বো সিরাজ ৪, জাম্পা অপরাজিত ০, অতিরিক্ত ৯। মোট ৪৬.২ ওভারে ৮ উইকেটে ২৬৫।
 অস্ট্রেলিয়া জয়ী ২ উইকেটে।

Advertisement
সম্পর্কিত সংবাদ