ক্যানবেরা: বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ। তার প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া। সোমবার ক্যানবেরায় ভারতীয় ক্রিকেটাররা ফিল্ডিংয়ে বাড়তি জোর দিয়েছিলেন। আসলে অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজে হারের জন্য ব্যাটিং, বোলিংয়ে খামতির পাশাপাশি ফিল্ডিংয়ের ফাঁকফোকরও প্রকট। সেটা ভরাট করাই চ্যালেঞ্জ কোচ গৌতম গম্ভীরের। তাই অনুশীলনের শুরুতে হাল্কা ওয়ার্ম-আপ সেরেই ফিল্ড ড্রিলিং করেন ক্রিকেটাররা। স্লিপ ক্যাচিংয়ের পাশাপাশি হাই ক্যাচিং প্র্যাকটিসও চলে দীর্ঘক্ষণ।
গত মাসেই পাকিস্তানকে হারিয়ে টি-২০ এশিয়া কাপ জিতেছিল ভারত। তবে অস্ট্রেলিয়ার মাটিতে বিশের ফরম্যাটে লড়াই সহজ হবে না সূর্যদের। দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা গতির সঙ্গে বাউন্স সামলে কীভাবে নিজেকে মেলে ধরেন, সেটাও দেখার। তবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও তাঁর ডেপুটি শুভমান গিলের অফ ফর্ম চিন্তায় রাখছে সমর্থকদের। সূর্যর ব্যাটে বহুদিন হল বড় রানের ইনিংসের দেখা নেই। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ গিল। টি-২০ ফরম্যাটে রানে ফিরতে মরিয়া পাঞ্জাব কা পুত্তর। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে। তবে চায়নাম্যান স্পিনার কুলদীপের বিরুদ্ধে বেশ কয়েকবার পরাস্ত হন গিল। তারকা স্পিনারের বোলিংয়ের প্রশংসাও করেন তিনি। গিল বুঝতে পারছেন, ক্যানবেরার পিচে স্পিনারদের খেলা কতটা কঠিন হবে। তবে ভারতীয় ব্যাটারদের কাছে স্বস্তির খবর, জাম্পা প্রথম ম্যাচে নেই। তাঁর জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন স্পিনার তনবীর সাঙ্ঘা।
তবে অস্ট্রেলিয়ার পিচে পেসাররাও সুবিধা পান। সেই কারণে যশপ্রীত বুমরাহর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনে বেশ চনমনেই লেগেছে তারকা পেসারকে। তবে চোট সমস্যা থেকে তিনি পুরোপুরি মুক্ত হতে পারছেন না। পরের বছর টি-২০ বিশ্বকাপ। স্কোয়াডে জায়গা পাকা করতে হলে বুমরাহকে এখন থেকেই কোমরবেঁধে ঝাঁপাতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় পেসার হিসেবে হর্ষিত রানাকে খেলানো হতে পারে। একদিনের সিরিজের শেষ ম্যাচে সিডনিতে নিয়েছিলেন চার উইকেট। রয়েছেন অর্শদীপ সিংও। তবে ভারতের স্পিন বিভাগ খুবই শক্তিশালী। কুলদীপ ও বরুণ চক্রবর্তী দু’দিক দিয়ে আক্রমণ শানালে নাভিশ্বাস উঠতে পারে অজি ব্যাটারদের।