লন্ডন: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রতিটি টেস্টই হয়ে উঠছে রুদ্ধশ্বাস থ্রিলার। ঘাত-প্রতিঘাতে ভরা প্রত্যেক সেশন সাক্ষী থেকেছে নাটকীয় পালাবদলের। ওভাল টেস্টও ব্যতিক্রম নয়। শুক্রবার, ম্যাচের দ্বিতীয় দিনে যেমন আগাগোড়া জড়িয়ে থাকল অনিশ্চয়তা। ভারতীয় ইনিংস সকালেই ২২৪ রানে গুটিয়ে যাওয়ার পর শুরু হয় বাজবল। তখন মনে হচ্ছিল ইংল্যান্ড বড় স্কোর খাড়া করার পথে। তবে বুমরাহ হীন ভারতীয় বোলিংয়ে উজাড় করে দিলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ । তাদের দাপটে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ইতি পড়ল ২৪৭ রানে। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারত ২ উইকেটে ৭৫। ৫১ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল। সঙ্গে রয়েছেন আকাশ দীপ (৪)। ড্রেসিং-রুমে ফিরেছেন লোকেশ রাহুল (৭) ও সাই সুদর্শন (১১)। টিম ইন্ডিয়ার লিড ৫২ রানের।
সকালে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়া। শেষ চার উইকেট পড়ে মাত্র ২০ রানে। ছয় উইকেটে ২০৪ নিয়ে শুরু করে অ্যাটকিনসনের দাপটেই ভারত থামে ২২৪ রানে। করুণ নায়ার গতদিনের স্কোরের সঙ্গে যোগ করেন মাত্র পাঁচ। এরপরই বিধ্বংসী হয়ে ওঠেন অ্যাটকিনসন।
ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি শুরু করেন ঝড়ের গতিতে। তাঁদের দাপটে প্রথম উইকেটে ১২.৫ ওভারে ওঠে ৯২। এমন সময়েই আঘাত হানলেন আকাশ দীপ। ডাকেটের রিভার্স স্কুপ ধরা পড়ল কিপার ধ্রুব জুরেলের হাতে। আর এক ওপেনার জ্যাক ক্রলি ছিলেন আক্রমণাত্মক মেজাজে। প্রসিদ্ধর ডেলিভারিতে তাঁর লোপ্পা ক্যাচ তালুবন্দি করলেন রবীন্দ্র জাদেজা।
এরপরই শুরু সিরাজের জাদুকরী স্পেল। টানা আট ওভারের স্পেলে নিলেন তিন উইকেট। ক্যাপ্টেন ওলি পোপ, জো রুট আর জ্যাকব বেথেল— তিনজনই হলেন এলবিডব্লু। আর বেথেলের জন্য তিনি বরাদ্দ রেখেছিলেন অনবদ্য ইয়র্কার। এরপর জেমি স্মিথকে ফেরান প্রসিদ্ধ। দ্বিতীয় স্লিপে তাঁর উঁচু ক্যাচ ধরেন লোকেশ রাহুল।
চায়ের বিরতির সময় ইংল্যান্ডের স্কোর ছিল সাত উইকেটে ২১৫। তৃতীয় সেশন শুরু হতেই ত্রাস হয়ে ওঠেন প্রসিদ্ধ। পরপর নেন জেমি ওভারটন ও অ্যাটকিনসনকে। তার আগে অবশ্য ভারতের স্কোর টপকে যায় হোমটিম। বিপর্যয়ের মুখে ইংল্যান্ডকে টানেন হ্যারি ব্রুক। হাফ-সেঞ্চুরির পর তাঁকে বোল্ড করেন সিরাজ। আড়াইশোর ঠিক আগে থামে ইংল্যান্ড। তারা নেয় ২৩ রানের লিড।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। তবে টংয়ের বলে স্লিপে খোঁচা দিয়ে ব্যক্তিগত ৭ রানে ফিরলেন রাহুল। এরপর অ্যাটকিনসন এলবিডব্লু করেন সুদর্শনকে। তবে ক্রিজে জমে গিয়েছেন যশস্বী। সিরিজে সমতা ফেরাতে হলে শনিবার আকাশকে সঙ্গে নিয়ে তাঁকে বড় পার্টনারশিপ করতেই হবে।
স্কোরবোর্ড
ভারত প্রথম ইনিংস (২০৪-৬ এর পর): করুণ এলবিডব্লু বো টং ৫৭, সুন্দর ক ওভারটন বো অ্যাটকিনসন ২৬, আকাশ অপরাজিত ০, সিরাজ বো অ্যাটকিনসন ০, প্রসিদ্ধ ক স্মিথ বো অ্যাটকিনসন ০,অতিরিক্ত ৩৮, মোট (৬৯.৪ ওভারে) ২২৪। উইকেট পতন: ৭-২১৮, ৮-২২০, ৯-২২৪, ১০-২২৪। বোলিং: ওকস ১৪-১-৪৬-১, অ্যাটকিনসন ২১.৪-৮-৩৩-৫, টং ১৬-৪-৫৭-৩, ওভারটন ১৬-০-৬৬-০, বেথেল ২-১-৪-০।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ক্রলি ক জাদেজা বো প্রসিদ্ধ ৬৪, ডাকেট ক জুরেল বো আকাশ ৪৩, ওলি পোপ এলবিডব্লু বো সিরাজ ২২, রুট এলবিডব্লু বো সিরাজ ২৯, ব্রুক বো সিরাজ ৫৩, বেথেল এলবিডব্লু বো সিরাজ ৬, স্মিথ ক রাহুল বো প্রসিদ্ধ ৮, ওভারটন এলবিডব্লু বো প্রসিদ্ধ ০, অ্যাটকিনসন ক আকাশ বো প্রসিদ্ধ ১১, টং ব্যাটিং ০, ওকস অ্যাবসেন্ট হার্ট, অতিরিক্ত ১১, মোট (৫১.২ ওভারে) ২৪৭। উইকেট পতন: ১-৯২, ২-১২৯, ৩-১৪২, ৪-১৭৫, ৫-১৯৫, ৬-২১৫, ৭-২১৫, ৮-২৩৫, ৯-২৪৭। বোলিং: সিরাজ ১৬.২-১-৮৬-৪, আকাশ ১৭-০-৮০-১, প্রসিদ্ধ ১৬-১-৬২-৪, জাদেজা ২-০-১১-০।
ভারতের দ্বিতীয় ইনিংস: জয়সওয়াল ব্যাটিং (৫১), রাহুল ক রুট বো টং (৭), সুদর্শন এলবিডাব্লু অ্যাটকিনসন (১১), আকাশ ব্যাটিং (৪), অতিরিক্ত ২, মোট (১৮ ওভারে) ৭৫-২। উইকেটের পতন ১-৪৬, ২-৭০। বোলিং: অ্যাটকিনসন ৬-২-২৬-১, টং ৭-১-২৫-১, ওভারটন ৫-১-২২-০।
ভারেতর লিড ৫২ রানের।