ইন্দোর: ছিল বাঘ। হয়ে গেল বিড়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়ার অবস্থা এখন সেরকমই। তিন ম্যাচের সিরিজের ফল আপাতত ১-১। রবিবার তৃতীয় ম্যাচ খেলতে ইন্দোরে পৌঁছাল টিম ইন্ডিয়া। নির্ণায়ক লড়াইয়ে যথেষ্ট চাপে থাকবে গিল বাহিনী। জয় দিয়ে অভিযান শুরু করার পর অনেকেরই ধারণা ছিল, রাজকোটেই সিরিজ পকেটে পুরে ফেলবে ‘মেন ইন ব্লু’। সেই সঙ্গে তৈরি হবে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের সম্ভাবনা। কিন্তু নিউজিল্যান্ডের দুরন্ত প্রত্যাঘাতে সব হিসেব ওলট-পালট।
রাজকোটে বড়ই অসহায় দেখিয়েছে ভারতীয় দলকে। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে কিউয়ি বোলারদের খেলতে গিয়ে সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাররা, সেখানে ড্যারিল মিচেল, উইল ইয়ংরা অনায়াসেই দলকে জিতিয়েছেন। এই জয়ে কিউয়িরা বুঝিয়ে দিয়েছেন, এত সহজে তাঁরা সিরিজ হাতছাড়া হতে দেবেন না। ফলে রবিবারের নির্ণায়ক ম্যাচ হয়ে উঠবে খুবই রোমাঞ্চকর।
সুনীল গাভাসকর টিম ইন্ডিয়ার ৭ উইকেটে হারে বিস্মিত। তিনি বলেছেন, ‘ভাবতেই পারিনি, নিউজিল্যান্ড এতো অনায়াসে ম্যাচটা বের করে নেবে। ভারতের ব্যাটিং দেখতে দেখতে মনে হয়েছিল, ২৬০-২৭০ রান এই পিচে ডিফেন্ড করার পক্ষে যথেষ্ট। কিন্তু মিচেল বুঝিয়ে দিল, তিনশো টার্গেট হলেও তাঁরা সহজেই চেজ করত।’
চলতি সিরিজে ভারতের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বোলিং। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের পারফরম্যান্স বড়ই হতাশাজনক। তা সত্ত্বেও অর্শদীপ সিংকে বসিয়ে রাখা হচ্ছে রিজার্ভ বেঞ্চে। ওয়াশিংটন সুন্দরের অভাবও অনূভূত হয়েছে গত ম্যাচে। কুলদীপ যাদব বাড়তি চাপ নিতে ব্যর্থ। রিভার্স সুইপে তাঁর যাবতীয় প্রচেষ্টায় জল ঢালেন মিচেল। রবীন্দ্র জাদেজাও ছন্দে নেই। ফলে ভারতের স্পিন আক্রমণের মোকাবিলায় দারুণ সফল নিউজিল্যান্ড।
এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সিরিজের শেষ ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন করবেন কোচ গৌতম গম্ভীর? সেই সম্ভাবনা যদিও কম। খুব বেশি হলে নীতীশ রেড্ডিকে বসিয়ে আয়ুষ বাদোনিকে খেলানো হতে পারে। তিনি পার্টটাইম স্পিনারের কাজটা করবেন। কিন্তু চাপের মুখে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে বুমেরাং হওয়ার সম্ভাবনাও প্রবল। গম্ভীর সেই ঝুঁকি হয়তো নিতে চাইবেন না। পরের মাসেই টি-২০ বিশ্বকাপ। নিউজিল্যান্ডের কাছে ওয়ান ডে সিরিজে হারলে তীব্র হবে সমালোচনা। ফলে বিশ্বকাপের প্রস্তুতিতে ক্রিকেটারদের ফোকাস নড়ে যেতে পারে। তাই ভুল শুধরে তৃতীয় তথা অন্তিম ম্যাচে ঘুরে দাঁড়ানো ভীষণই জরুরি টিম ইন্ডিয়ার কাছে।