ব্রিসবেন: কথায় আছে, সব ভালো যার শেষ ভালো। অস্ট্রেলিয়া সফরের শুরুটা মোটেও মধুর হয়নি টিম ইন্ডিয়ার। শুভমান গিলের নেতৃত্বে ১-২ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছিল ভারতীয় দলকে। টি-২০ সিরিজেও ০-১ পিছিয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছিল। তবে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, সিরিজ জয়ের স্বপ্নও জাগিয়েছেন সূর্যকুমাররা। সেই লক্ষ্যপূরণে শনিবার গাব্বায় নামছে ‘মেন ইন ব্লু’।
পর পর দু’টি ম্যাচ জেতায় ভারতীয় ক্রিকেটাররা অনেকটাই ফুরফুরে। তার উপর সিরিজ জয়ের আতঙ্ক নেই। হারলেও ফল দাঁড়াবে ২-২। তাই চাপটা অনেক বেশি আয়োজক দেশ অস্ট্রেলিয়ার উপরই। তবে সাফল্যের আলোয় অনেক সময় দুর্বলতা ঢেকে যায়। ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়ার পরেও কোচ গৌতম গম্ভীরের মাথাব্যথার প্রধান কারণ এখন ব্যাটিং। অভিষেক শর্মা শুরুটা ভালো করলেও উইকেট ছুড়ে দিচ্ছেন। গত ম্যাচে দলকে ভরসা দিয়েছিলেন গিল। সেটা জরুরিও ছিল তাঁর এবং দলের কাছে। আসলে গিল টি-২০ ফরম্যাটে নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। বার বার আউট হচ্ছিলেন বোকার মতো শট খেলে। তা নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল কোচ গম্ভীরকে। গত ম্যাচে গিল রানে ফিরলেও অধিনায়ক সূর্যকুমার যাদব যথারীতি ফর্ম হাতড়াচ্ছেন। সিরিজ হারলে নিঃসন্দেহে তাঁকে কাঠগড়ায় তোলা হত। গত ম্যাচে তিন নম্বরে দুবেকে নামিয়ে চমক দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই সিদ্ধান্তও কাজে আসেনি। তাই হয়তো সূর্যকে ফের তিনেই ফেরানো হতে পারে। গত ম্যাচে মিডল অর্ডারও জমাট লাগেনি। তিলক ভার্মা ও জিতেশ শর্মা দ্রুত ফিরেছিলেন ডাগ-আউটে। তবে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডার থাকায় শেষদিকে লড়াকু পুঁজি গড়ে তোলা সম্ভব হয়েছে। হোবার্টে তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে জিতিয়েছিলেন সুন্দর। গাব্বার পিচে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এবারও তার অন্যথা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে নতুন বলে অর্শদীপ ও বুমরাহর ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ।
এই অস্ট্রেলিয়া দলকে দেখে মোটেও আহামরি লাগছে না। গত ম্যাচে মাত্র ৫২ রানে পড়েছিল তাদের শেষ ৯টি উইকেট। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মোটেও স্বস্তিতে ছিলেন না স্টোইনিসরা। তাই ভারতকে হারাতে হলে ব্যক্তিগত নৈপুণ্যের প্রতিফলন ঘটাতে হবে অজি বাহিনীকে। হ্যাজলউডের না থাকাটা অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে দুর্বল করেছে। সেই অভাব মেটানোর চেষ্টা করতে হবে এলিস, বার্টলেদের। অবশ্য অ্যাডাম জাম্পার মতো স্পিনারকে সমীহ করতেই হয়। তবে সিরিজের নির্ণায়ক ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে প্রকৃতি। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বিকেলের দিকে ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো বৃষ্টি হবে না বলেই আশ্বাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে, শুক্রবার দুবাইয়ে আইসিসি’র মিটিং ছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরের মহিলা ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণকারী টিমের সংখ্যা ৮ থেকে বেড়ে ১০ হচ্ছে। এছাড়া, আইসিসি মহিলাদের ক্রিকেট কমিটিতে অন্তর্ভুক্তি ঘটল প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজের।
ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ১-৪৫ মিনিটে। স্টার স্পোর্টসে সম্প্রচার।