মেলবোর্ন: বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম ম্যাচ। ফলে সিরিজ দাঁড়িয়েছে চার ম্যাচের। শুক্রবার মেলবোর্নে দ্বিতীয় টি-২০’তে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়া শীর্ষে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্যাঙারু বাহিনী। যুযুধান দুই শিবিরের ব্যাট-বলের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ৯০ হাজারের এমসিজি কানায় কানায় পূর্ণ থাকবে বলে মনে করা হচ্ছে।
ক্যানবেরায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচ গড়িয়েছিল ৯.৪ ওভার। প্রথমে ব্যাট করতে নেমে ভারত তুলেছিল ১ উইকেটে ৯২। পণ্ড হয়ে যাওয়া ম্যাচের স্কোর মূল্যহীন। তবুও এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতীয় দলের কাছে। কারণ, শুভমান গিল ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের রানে ফেরা। ২০ বলে গিল ৩৭ ও সূর্য ২৪ বলে যখন ৩৯ রানে ব্যাট করার সময় বৃষ্টিতে খেলা ভেস্তে গিয়েছিল। তবে দুই তারকা ব্যাটারের পারফরম্যান্সে ধরা পড়েছিল আত্মবিশ্বাসের ছাপ। সূর্য ম্যাচের পর ম্যাচ রান পাচ্ছিলেন না। সেই চাপ অনেকটাই কাটিয়ে উঠতে সফল। গিলও স্বস্তিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রথম টি-২০’তে ফের স্বমহিমায় ধরা দিয়েছেন পাঞ্জাব কা পুত্তর। এর সঙ্গে যদি অভিষেক শর্মা ঝড় তোলেন শুরুতে, তাহলে তো সোনায় সোহাগা। সেই কারণেই মনে করা হচ্ছে, মেলবোর্নে স্টোইনিস, এলিসদের কপালে দুঃখ রয়েছে।
মোটামুটি দুই দল একই থাকতে পারে। ভারতের ব্যাটিং অর্ডারে তিনে তিলক ভার্মা, চারে সঞ্জু স্যামসন খেলতে পারেন। পেস অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও তৈরি। গত ম্যাচে পেস আক্রমণে বুমরাহর সঙ্গী হয়েছিলেন হর্ষিত। স্পিনার হিসেবে কুলদীপ ও বরুণ চক্রবর্তীকেও খেলানো হতে পারে।
একদিনের সিরিজ হেলায় জিতলেও টি-২০’তে ভারত যে কড়া টক্কর দেবে, সেটা বুঝে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠে মিচেল মার্শ, জস ইলিংশ, ট্রাভিস হেড, টিম ডেভিডরা প্রতিপক্ষকে মাথা তুলতে দিতে নারাজ। ক্যাপ্টেন মার্শ বলে দিয়েছেন, আক্রমণাত্মক ক্রিকেটেই ভারতকে হারাতে চান তাঁরা। তাই ইনিংসের শুরুটা গুরুত্বপূর্ণ। অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের সঙ্গে নজর থাকবে মিচেল ওয়েনের উপর। তিন পেসার নিয়ে গত ম্যাচে দল সাজিয়েছিল অস্ট্রেলিয়া। হ্যাজলউড, নাথান এলিস, বার্টলেট খেলেছিলেন। একমাত্র স্পেশালিস্ট স্পিনার ছিলেন ম্যাথু কুনেম্যান। জাম্পার না থাকাটা কিন্তু বড় ফ্যাক্টর।
ম্যাচ শুরু দুপুর ১-৪৫ মিনিটে। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার।