নিউ চন্ডীগড়: তিরুবনন্তপুরে জয় এসেছে প্রায় তিনশো রান তাড়া করে। গুয়াহাটিতে ৪০৬ রানের টার্গেটে পৌঁছাতে ৪৪ ওভারও লাগেনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে ভারতের দাপটের নেপথ্যে ব্যাটারদের বিধ্বংসী ছন্দ। শনিবার নিউ চন্ডীগড়ে নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচে তাই ফোকাস থাকছে বোলারদের দিকে। শাই হোপের নেতৃত্বাধীন ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করানোর হাতছানির মধ্যেই বোলিং উদ্বেগ আনছে শিবিরে। কুলদীপ যাদব ছাড়া কাউকেই যে ভরসাযোগ্য ঠেকছে না। বছরখানেক পরেই ওডিআই বিশ্বকাপ বলে দুশ্চিন্তা আরও বেশি।
শুভমান গিলের ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি সহ মোট ৩৩৩ রান টিম ইন্ডিয়ার সবচেয়ে বড়ো প্লাসপয়েন্ট। ‘রো-কো’ জুটিও মেজাজে। তবে ‘টপ থ্রি’র দাপটে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, নমন ধীর ব্যাটিংয়ের সুযোগই পাননি। ফলে লোয়ার মিডল অর্ডার পরীক্ষিত নয়।
বোলিংয়ে যশপ্রীত বুমরাহর অভাব প্রকট। প্রথম দুই ম্যাচে দশ ওভারের মধ্যে মাত্র একবার ওয়েস্ট ইন্ডিজের উইকেট ফেলতে পেরেছে ভারত। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এই ম্যাচে অবশ্য প্রসিদ্ধ কৃষ্ণাকে পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবর্তে স্কোয়াডে এসেছেন অংশুল কম্বোজ। তবে মহম্মদ সিরাজকেও খেলাতে পারে ভারত। যদিও হালফিল সেরা ছন্দে দেখা যায়নি তাঁকে। শুরুতে শুধু নয়, মাঝের ওভারেও ভারতীয় বোলিংকে ধারালো দেখায়নি। রবীন্দ্র জাদেজা আট ওডিআই ম্যাচে নিয়েছেন মাত্র তিনটি উইকেট।
খেলা শুরু দুপুর ২টোয়। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।