সংবাদদাতা, উলুবেড়িয়া: তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করল বাগনান থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম শুভাঞ্জন মণ্ডল। গত কয়েকদিন ধরেই ওই ছাত্রীকে স্কুলের একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভাঞ্জন বাগনানের একটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ১০ বছর ধরে শিক্ষকতা করছেন। অভিযোগ, তৃতীয় শ্রেণির ওই ছাত্রী তাঁর লালসার শিকার হয়েছে। যে ঘরে ডেকে নিয়ে গিয়ে তিনি নির্যাতন চালিয়েছেন, সেই ঘরটি সাধারণত বন্ধ থাকত। বিষয়টি যাতে সে কাউকে না জানায়, সেকারণে ছাত্রীটি শাসিয়েছিলেন বলেও অভিযোগ। এদিকে, স্কুল শিক্ষকের এই আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছিল ছাত্রীটি। মেয়ে হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ায় সন্দেহ হয় মায়ের। বুধবার তিনি মেয়েকে জিজ্ঞাসা করলে কান্নায় ভেঙে পড়ে সে। সমস্ত ঘটনাই মাকে বলে দেয় ছাত্রীটি। এরপর মা এলাকার লোকজনকে বিষয়টি জানায়। ওইদিন অভিযুক্ত শিক্ষক স্কুলে না নিয়ে বাড়ির পাশে একটি জায়গায় প্রাইভেট টিউশনি করছিলেন। সেই সময় স্থানীয় লোকজন সেখানে হানা দিয়ে অভিযুক্ত শিক্ষককে ধরে নিয়ে এসে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বাগনান থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত শিক্ষকের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন, ধৃত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



