নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষে গ্রামোন্নয়ন খাতে খরচ হবে আরও ১৪০০ কোটি টাকা। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড (আরআইডিএফ) বাবদ এই অর্থ ব্যয়ের টার্গেট নিয়েছে রাজ্য। প্রতিবছর রাজ্যের গ্রামীণ এলাকায় বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক (নাবার্ড)। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে এই কাজে নাবার্ডের তরফে এখনও পর্যন্ত ১,৪০০ কোটি টাকার অনুমোদন দেওয়া হবে বলেই রাজ্যকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে এই অঙ্ক আরও বাড়বে। মনে করছে প্রশাসনিক মহল।
সূত্রের খবর, সোমবার আরআইডিএফ নিয়ে নাবার্ড কতৃপক্ষ ছাড়াও অর্থসহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের পদস্থ কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, এই বৈঠকে গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়ন নিয়ে রাজ্যের পদক্ষেপগুলির ভূয়সী প্রশংসা করা হয়েছে নাবার্ডের তরফে। সেই সঙ্গে বিগত বছরগুলিতে আরআইডিএফ খাতের বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।
প্রতিবছর নাবার্ড প্রাথমিক ভাবে একটি অর্থ ধার্য করে দেয় রাজ্যের জন্য। এবছরের জন্য এই অঙ্ক হল ১,৪০০ কোটি টাকা। এই অনুমোদিত অর্থ ব্যবহার করে কী কী প্রকল্প হাতে নেওয়া হবে, তা পর্যায়ক্রমে নাবার্ডকে জানানো হবে রাজ্যের তরফে। এই পরিকল্পনার ভিত্তিতেই হাতে নেওয়া পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি রূপায়িত হবে। বর্তমানে ১০০ দিনের কাজ, আবাস প্রকল্প, প্রধানমন্ত্রী সড়ক যোজনার অর্থ বরাদ্দ কেন্দ্র আটকে রাখে নিজস্ব প্রকল্প চালু করেছে রাজ্য। ফলে হাজার আর্থিক অনটন সত্ত্বেও রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার কোনও ঘাটতি হতে দেয়নি। মত প্রশাসনিক মহলের। এই পরিস্থিতিতে আরও ১৪০০ কোটি টাকার বরাদ্দ গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। জানাচ্ছে রাজ্যের আমলা মহল।