Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বিএনপির ভাবমূর্তি ফেরাতে স্ট্র্যাটেজি নেত্রী হওয়ার দৌড়ে তারেক-কন্যা

১৭ বছরের ‘স্বেচ্ছা-নির্বাসন’ কাটিয়ে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে যে তিনি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, তা কার্যত নিশ্চিত।

বিএনপির ভাবমূর্তি ফেরাতে স্ট্র্যাটেজি নেত্রী হওয়ার দৌড়ে তারেক-কন্যা
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ১৭ বছরের ‘স্বেচ্ছা-নির্বাসন’ কাটিয়ে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে যে তিনি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, তা কার্যত নিশ্চিত। তারেক ফিরে আসায় নতুন উদ্যমে প্রচারে ঝাঁপিয়েছে বিএনপি শিবির। কিন্তু পরিবার থেকে কি তারেক একাই ভোটে লড়বেন? গুরুতর অসুস্থ বিএনপি নেত্রী খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তাই তিনি প্রার্থী হচ্ছেন না। আর এই সূত্রেই উঠে আসছে তারেকের মেয়ে জাইমা রহমানের নাম। বাবার সঙ্গে তিনিও দেশে ফিরেছেন। এখনও পর্যন্ত তারেকের সমস্ত কর্মসূচিতেই দেখা গিয়েছে জাইমাকে। রাজনৈতিক মহলের অনুমান, পেশায় ব্যারিস্টার জাইমাকে বিএনপির পরবর্তী প্রজন্মের নেত্রী হিসেবে তুলে ধরার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারেক। 
কিন্তু ৩০ বছরের জাইমাকে দ্রুত রাজনীতিতে নিয়ে আসার কারণ কী? রাজনৈতিক মহল এর পিছনে একাধিক উদ্দেশ্য দেখতে পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিএনপিকে নিয়ে এখন যতই মাতামাতি হোক, অতীতে তাদের বিরুদ্ধে বহুবার দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। বিএনপি-জামাতের জোট সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন তারেক নিজেই কার্যত সমান্তরাল প্রশাসন চালাতেন। ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতিতে জড়ান তিনি। দেশ ছেড়ে যাওয়ার জন্য সেই দুর্নীতিও অনেকাংশে দায়ী ছিল। তাই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করা জরুরি। সেক্ষেত্রে জাইমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

Advertisement


হাসিনা বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিল বাংলাদেশের যুবসমাজ। আগামী নির্বাচনে এই ‘জেন-জি’ ভোট যে ফ্যাক্টর হবে, তা বুঝতে পারছে সব দলই। বিএনপিও যুবসমাজকে নিজেদের দিকে টানতে উদ্যোগী হয়েছে। সেই কারণে বিদেশে পড়াশোনা করা জাইমাকে এগিয়ে দিতে চাইছেন তারেক। অন্য যুব নেতা-নেত্রীদের থেকে তিনি বেশি গ্রহণযোগ্য হবেন বলে মনে করছে বিএনপি নেতৃত্ব। প্রত্যক্ষ রাজনীতির অভিজ্ঞতা না থাকলেও ২০২১ সালেই চর্চায় এসেছিলেন তারেক-কন্যা। ওই বছর তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন আওয়ামি লিগ নেতা তথা মন্ত্রী মুরাদ হাসান। যার জেরে মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বাংলাদেশে হাসিনা-বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ওয়াশিংটন, লন্ডনে প্রবাসীদের নিয়ে কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন জাইমা। 


তারেক-কন্যা নিজে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে সরাসরি কিছু না বললেও সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেছেন। সেখানে নতুন বাংলাদেশ গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি। জাইমা লিখেছেন, ‘আমি যেভাবেই হোক দেশের জন্য অবদান রাখতে চাই। বাংলাদেশ নতুন করে গড়ে উঠুক ও সমৃদ্ধি লাভ করুক। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলে অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝতে চাই।’   এদিকে, শনিবারই ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশনের আবেদন করেছেন তারেক ও জাইমা। যা তারেক-কন্যার ভোটে লড়াইয়ের সম্ভাবনা আরও উসকে দিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ