সংবাদদাতা তারকেশ্বর: টানা ৪২ দিন সাইকেল চালিয়ে অন্নপূর্ণা বেসক্যাম্প জয় করলেন তারকেশ্বরের ঐন্দ্রিলা আঢ্য।
সংবাদদাতা তারকেশ্বর: টানা ৪২ দিন সাইকেল চালিয়ে অন্নপূর্ণা বেসক্যাম্প জয় করলেন তারকেশ্বরের ঐন্দ্রিলা আঢ্য।
তারকেশ্বর পদ্মপুকুর এলাকার বাসিন্দা ঐন্দ্রিলা। তিনি এবছর বাণিজ্য বিভাগে তারকেশ্বর মহা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক দিয়েছেন। তিন হাজার ৭০০ মিটার উচ্চতায় মাউন্ট মাছা পুচুরে ও চার হাজার ১৩০ মিটার উচ্চতায় অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন সাইকেল চালিয়ে। সেখান থেকে সোমবার রাতে ফিরেছেন বাড়ি। ২২ শে মার্চ তারকেশ্বর থেকে সাইকেল নিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প জয়ের উদ্দেশে বের হন ঐন্দ্রিলা। ১৭ এপ্রিল মাউন্ট মাছা পুচুরে বেস ক্যাম্প জয় করেন। পরের দিন অর্থাৎ ১৮ এপ্রিল অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেন। তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরার বাসিন্দা সিনিয়র সাইক্লিস্ট বাপি দেবনাথ। তিনি বলেন, ‘আমি সাইকেলে একটি বিষয়ে রেকর্ড করার জন্য বেরনোর পরিকল্পনা করেছিলাম। ঐন্দ্রিলাকে সঙ্গে যেতে বলি। বেনারস থেকে সেনোলি বর্ডার ও পোখরাতে রেজিস্ট্রেশন করে আমরা মাউন্ট মাচার দিকে রওনা হওয়ার পরিকল্পনা নিয়েছিলাম। ওর পরিবারের সকলে উৎসাহ দিয়েছেন। একটি সরু চাকার সাধারণ সাইকেল নিয়ে পাহাড়ি রাস্তায় চালিয়েছে। আমার জানা তথ্য অনুযায়ী, ঐন্দ্রিলা প্রথম মহিলা, কনিষ্ঠ বাঙালি সাইক্লিস্ট যে অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করল। এটা বাংলার একটা বড় পাওয়া।’ ঐন্দ্রিলা বলেন, ‘এই প্রথম সাইকেলে কয়েক হাজার পথ অতিক্রম করলাম। চলার পথে বহু সমস্যা ও অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়ে বেরিয়েছিলাম। মহিলাদের সুরক্ষা ও স্বাবলম্বী হওয়ার বার্তা দেওয়ার ছিল। অন্নপূর্ণা বেস ক্যাম্পে সাইকেল নিয়ে পৌছব তা কখনও ভাবিনি।’ অন্নপূর্ণা বেসক্যাম্পে ঐন্দ্রিলা আঢ্য।