মেহেবুব হোসেন সরকার, তপন: দক্ষিণ দিনাজপুরের তপনের রথযাত্রা এবার ১৯ বছরে পদার্পণ করবে। ভক্তি ও ঐতিহ্যের টানে প্রতি বছরই এই রথযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘের উদ্যোগে আয়োজিত এই রথযাত্রা এখন আর শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও বটে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দক্ষিণবঙ্গ, প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকেও অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এই উৎসবে অংশ নেন। রথের দড়িতে একসঙ্গে হাত রেখে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন সকলেই।
রথযাত্রার দিন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি সুসজ্জিত রথ যাত্রা শুরু করে পার্শ্ববর্তী সালাশে জগন্নাথদেবের মাসির বাড়ির উদ্দেশে। সেখানে নয় দিন অবস্থানের পর ২৪ জুলাই উল্টো রথের মাধ্যমে তাঁরা ফিরে আসবেন নিজ গৃহে। রথযাত্রাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে নয় দিনব্যাপী মেলা বসে। বিভিন্ন ধরনের দোকান, ধর্মীয় সামগ্রীর স্টল, স্থানীয় হস্তশিল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা আকর্ষণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তদের জন্য থাকে ভোগ প্রসাদ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা ব্যবস্থা।
উৎসবের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী ৫৬ ব্যঞ্জনের মহাভোগ, যা রথযাত্রার দিন ও মাসির বাড়িতে জগন্নাথদেবকে নিবেদন করা হয়। এছাড়াও এবারের বিশেষ আকর্ষণ হিসেবে বৃন্দাবন থেকে আগত ভাগবত পাঠকের ভাগবত পাঠ উৎসবের ধর্মীয় আবহকে আরও সমৃদ্ধ করবে।
রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘের মহারাজ প্রবোধ ধর বলেন, রথযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। গত বছরের তুলনায় এবছর আরও বেশি ভক্তের সমাগমের আশা করছি। স্বাস্থ্য শিবির, বিশুদ্ধ পানীয় জল, নিরাপত্তা, চিকিৎসা পরিষেবা-সহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই রাখা হয়েছে, যাতে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের অসুবিধা না হয়। রথযাত্রা কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মোহন দাস বলেন, তপনের রথযাত্রা উত্তরবঙ্গের অন্যতম বড় ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছরই বহু মানুষের সমাগম হয়। সেই কথা মাথায় রেখেই মেলা, ভোগ বিতরণ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। সকলের সহযোগিতায় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
ধর্মীয় আচার, লোকঐতিহ্য, ভক্তি এবং সামাজিক সম্প্রীতির অনন্য মেলবন্ধনে তপনের রথযাত্রা উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। প্রতি বছরই এই উৎসব ঘিরে গোটা তপন উৎসবের আবহে মেতে ওঠে।