Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোয় তাঁতশিল্পীদের কাছ থেকে ১ কোটি টাকার শাড়ি কেনার পরিকল্পনা তন্তুজের

পুজোর আর চারমাস বাকি। এখন থেকেই তন্তুজ সরাসরি তাঁতিদের থেকে শাড়ি কেনার প্রস্তুতি শুরু করেছে।

পুজোয় তাঁতশিল্পীদের কাছ থেকে ১ কোটি টাকার শাড়ি কেনার পরিকল্পনা তন্তুজের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: পুজোর আর চারমাস বাকি। এখন থেকেই তন্তুজ সরাসরি তাঁতিদের থেকে শাড়ি কেনার প্রস্তুতি শুরু করেছে। শনিবার কালনার ধাত্রীগ্রামে তন্তুজ ভবনে এক প্রস্তুতি বৈঠক সারলেন তন্তুজের আধিকারিকরা। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, তন্তুজের এমডি রবীন্দ্রনাথ রায় প্রমুখ। এছাড়াও তন্তুজ ভবন চত্বরের সৌন্দর্যায়ন ও নিরাপত্তায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। এবারও পুজোর আগে রাজ্যের ফুলিয়া, ধাত্রীগ্রাম, নাদনঘাটের  শ্রীরামপুর, শান্তিপুর, হুগলি, কোচবিহার এই ছ’টি কেন্দ্র থেকে এক কোটি টাকার শাড়ি তাঁতিদের থেকে সরাসরি কিনবে তন্তুজ। 

Advertisement

এবার অনেকটা আগে থেকেই কেন এমন উদ্যোগ ? এই প্রশ্নের উত্তরে স্বপনবাবু বলেন, একসময় কোনও পরিকল্পনা ও গুণমান যাচাই না করেই যেমন খুশি শাড়ি কেনা হতো। ফলে বিক্রি ঠিক না হওয়ার কারণে বহু শাড়ি গোডাউনে পড়ে নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হতো। লোকশানে চলা তন্তুজ আজ কয়েক বছর ধরে লাভের মুখ দেখছে। এর মূল কারণ আধুনিক ডিজাইন ও উন্নতমানের শাড়ির বিপনণের জন্য। ৬৪টি তন্তুজের শোরুম রয়েছে। এরজন্য তিনি তন্তুজের আধিকারিক ও কর্মীদের প্রশংসা করেন। এবার পুজো কিছুটা এগিয়ে এসেছে। তাই আগে থেকে তাঁতিদের ডিজাইন ও গুণগত মানের বিষয়ে সজাগ করলে তাঁতিরা উপকৃত হবেন। পুজোর আগেই শিবির করে গুণমান যাচাই করে সরাসরি তাঁতিদের থেকে শাড়ি কেনা হবে। প্রয়োজনে তাঁতিদের আধুনিক ডিজাইন সরবরাহ করবে তন্তুজ। তাঁতশিল্পী কৃষ্ণচন্দ্র বসাক বলেন, প্রতি বছর পুজোর আগে বাংলাদেশ থেকে বহু শাড়ি বাংলায় আমদানি করা হয়। বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি অনেকাংশে বন্ধ রয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে এবার বাংলায় পুজোয় আগে তাঁতশিল্প অনেকটাই চাঙ্গা হবে।                        

Advertisement
সম্পর্কিত সংবাদ