Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত কালু শেখের ছোড়া বোমাতেই মৃত্যু তমান্নার, কালীগঞ্জে গ্রেপ্তার আরও ১, ঘটনাস্থলে ফরেন্সিক টিম

কালীগঞ্জের মোলান্দিতে বোমার আঘাতে নাবালিকা মৃত্যুর ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিস।

ধৃত কালু শেখের ছোড়া বোমাতেই মৃত্যু তমান্নার, কালীগঞ্জে গ্রেপ্তার আরও ১, ঘটনাস্থলে ফরেন্সিক টিম
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জের মোলান্দিতে বোমার আঘাতে নাবালিকা মৃত্যুর ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিস। বুধবার ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসে। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। তবে, তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত, ওই নাবালিকা তমান্না খাতুনের মৃত্যু হয়েছে ধৃত কালু শেখের ছোড়া বোমাতেই। কালুকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিস।  তাকে ম্যারাথন জেরা করেন তদন্তকারীরা। নির্দিষ্ট করে জানতে চাওয়া হয়, কারা সেদিন বোমা ছুঁড়েছিল? তমান্নার বাড়ি লক্ষ্য করে কে বোমা মেরেছিল? তদন্তকারীদের দাবি, জেরায় কালু স্বীকার করে নিয়েছে সে-ই তমান্নার বাবা হোসেন শেখের বাড়িকে নিশানা করে বোমা মারে। পুরনো রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই বোমাবাজি বলে পুলিসকে জানিয়েছে কালু। তবে, বোমাবাজির ঘটনায় সে একা জড়িত ছিল না। জেরায় আরও কয়েকজনের নাম তদন্তকারীদের জানিয়েছে কালু। সেই মতো পুলিসি অভিযানে আরও একজন ধরা পড়ে। তার নাম শরিফুল শেখ। মূল অভিযুক্ত ধৃত আনোয়ার শেখের ছেলে। মঙ্গলবার রাতে পলাশী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement

বুধবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক শরিফুলকে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। তমান্নার মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার হল। পরিবারের তরফ থেকে ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। এদিন ফরেন্সিক দল ঘটনাস্থলে আসায় মৃত নাবালিকার পরিবারের সদস্যরা পুলিসের তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিন তৃণমূলের প্রতিনিধি হিসেবে তমান্নার বাড়িতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বিধায়ক হুমায়ূন কবির। তিনি ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য করতে চেয়েছিলেন। তাঁর প্রস্তাব প্রত্যাখান করেন তমান্নার বাড়ির লোকেরা। 
কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক টিম এসেছিল। তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। বোমার আঘাতেই যে নাবালিকার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে।
তামান্নার বাবা হোসেন শেখ বলেন, এখন আমার মনে হচ্ছে তদন্ত প্রক্রিয়া ঠিকঠাকই হচ্ছে। পুলিস যেন বাকিদেরও গ্রেপ্তার করে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বুধবার সকাল ১১ টা নাগাদ তিন সদস্যের ফরেন্সিক প্রতিনিধি দল কালীগঞ্জ থানার মোলান্দির বেলেপাড়া এলাকায় পৌঁছয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা মাটি সহ বেশকিছু নমুনা সংগ্রহ করা হয়। ঘটনাস্থল থেকে বেরিয়ে এলাকার যে সমস্ত বাড়িতে বোমাবাজি হয়েছে, তার দেওয়াল থেকেও নমুনা সংগ্রহ করা হয়।‌ এলাকা থেকে উদ্ধার হওয়া সকেটগুলি ভালো করে পর্যবেক্ষণ করা হয়। বোমার আঘাতে বাড়ির তুবড়ে যাওয়া বাসনপত্রের ছবি তুলে নিয়ে যান টিমের সদস্যরা। তামান্না পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।  ফরেন্সিক দলের প্রতিনিধি অমিয়া সাহা বলেন, আমরা নমুনা সংগ্রহ করেছি। এই নমুনাগুলি পরীক্ষা করে তবেই পরিষ্কারভাবে কিছু বলা‌ যাবে।
২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফলের দিন বেলা সাড়ে ১২টা নাগাদ বোমার আঘাতে বছর দশেকের তমান্নার মৃত্যু হয়। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস চলাকালীন সেই বোমা ছোড়া হয়েছে। বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি এলাকায় চারটি বুথ রয়েছে। উপনির্বাচনে ৩৫-৩৮ নম্বর বুথের প্রতিটিতেই তৃণমূল লিড নিয়েছে। যার জন্য এই ঘটনার দিন বিজয়োল্লাসে মেতে ওঠেন তৃণমূলের লোকজন। অতীতে এই এলাকায় তৃণমূল ও সিপিএমের মধ্যে একাধিকবার অশান্তি হয়েছে। তামান্নার পরিবার সিপিএম দলের সঙ্গে যুক্ত থাকলেও কখনও অশান্তিতে সরাসরি জড়ায়নি। এদিন বিকেলের দিকে বিধায়ক নওসাদ সিদ্দিকি বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে আসেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ