সংবাদদাতা, বসিরহাট: দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার ভোররাতে টাকি পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিআইডি। গতবছর অবসর নেন প্রবীরবাবু। কিছুদিন আগে টাকি পুরসভার এক কাউন্সিলার পুরসভায় দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় বিচারপতি সিআইডি তদন্তের নির্দেশ দেন। সেই মতো সিআইডির একটি দল বেশ কিছুদিন আগে টাকি পুরসভায় এসে একাধিক নথিপত্র খতিয়ে দেখে। তারা টাকি পুরসভার একাধিক অফিসার থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করে। এরপর এদিন ভোরে সিআইডি পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, প্রবীরবাবুর ব্যক্তিগত অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকেছিল। সেই সব টাকাই পুরসভায় দুর্নীতি মাধ্যমে এসেছে– এমন অভিযোগে সিআইডি তাঁকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, বিষয়টি শুনেছি। সিআইডির অফিসাররা টাকি পুরসভায় এসে তদন্ত করে দেখেছেন, তার ভিত্তিতেই এই গ্রেপ্তার। সিআইডির তদন্তের প্রতি আমাদের আস্থা আছে। আশা করি আসল সত্যি ঘটনা উদ্ঘাটিত হবে।



