সংবাদদাতা, বহরমপুর: দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর কান্দি কৃষি খামার সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম সুপ্রিয় দাস(২৪)। তিনি বায়ুসেনায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি খড়গ্রাম থানার বালিয়ায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। বায়ুসেনার ট্রেনিং শেষ করে তামিলনাড়ুতে প্রথম পোস্টিংয়ে গিয়েছিলেন সুপ্রিয়। পুজোয় ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। ৯ নভেম্বর ফের কাজে যোগ দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সকালে বহরমপুর থেকে বাড়ি ফিরছিলেন। কৃষি খামারের কাছে বিপরীতমুখী অপর একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর জখম দুজনকেই কান্দি মহকুমা হাসপাতলে আনা হলে সুপ্রিয়বাবুকে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু, পরিবারের লোকজন সুপ্রিয়কে বহরমপুরের একটি নার্সিংহোমে ভর্তি করেন। শুক্রবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের মামা রাজীব পাল বলেন, দিদির একমাত্র ছেলে ছিল সুপ্রিয়। দুর্ঘটনার পর দিদিকে সামলানো যাচ্ছে না। অন্য একটি ঘটনায় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে লাইনে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে লালগোলা-শিয়ালদহ শাখায় মুর্শিদাবাদ স্টেশনে। মৃতের নাম বুদ্ধ ব্যাধ(৬২)। বাড়ি বহরমপুর থানার মানকরায়। রেল পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ছটপুজো উপলক্ষ্যে বাঁশের ছিলা নিয়ে কাঁচরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠছিলেন বুদ্ধবাবু। সেগুলি ট্রেনে চাপানোর সময় পা পিছলে লাইনে পড়ে যান। ট্রেনটি গড়াতে শুরু করে। মৃতের ছেলে তুফান ব্যাধ বলেন, ছটপুজোর ঝুড়ি, তৈরি করার জন্য মুর্শিদাবাদ থেকে বাঁশের ছিলা নিয়ে কাঁচরাপাড়া যাচ্ছিল বাবা।



