নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের ফলে স্বয়ংসেবকদের আচরণ বা সংকল্পে যেন পরিবর্তন না ঘটে, সতর্ক করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ পদাধিকারী রামদত্ত চক্রধর। বুধবার নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২-তে আরএসএসের নয়া ভবনের বাস্তুপূজা ও হোমযজ্ঞ অনুষ্ঠানে হাজির হয়ে এই সাবধানবাণী শোনালেন সর্বভারতীয় সবকারী সাধারণ সম্পাদক রামদত্ত চক্রধর। ২০২৩ সালে নিউ টাউনের এই ভবন নির্মাণের কাজ শুরু হয়। এদিন তার প্রাথমিক সূচনা হলেও মূল গৃহপ্রবেশ আগামী শনিবার। সেদিন আরএসএসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসেবোলের হাজির থাকার কথা। এদিনের অনুষ্ঠানে অল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংঘের সেবাকাজ ও সাংগঠনিক বিস্তারের জেরে মানিকতলার কেশব ভবনে দীর্ঘদিন ধরেই স্থান সংকুলানের সমস্যা হচ্ছিল। সেই সূত্রেই এই ‘কেশব স্মৃতি’ নামের নয়া ভবন নির্মাণের ভবনা।



