কলি ঘোষ: বিভিন্ন ধরনের গান, স্বরচিত কবিতায় সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর একক আসর নভেম্বরের সন্ধ্যায় জমজমাট হয়ে উঠল। মহাজাতি সদনে পবিত্র দাশগুপ্ত মিউজিক আকাদেমি আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর পরিবেশিত ভৈরবী, বাগেশ্রী রাগে আধারিত হিন্দি, বাংলা, ভজন, গজল, আধুনিক এবং ছায়াছবির গান উপভোগ্য হয়ে ওঠে। রবীন্দ্রনাথ, নজরুল, হেমন্ত মুখোপাধ্যায়, মেহেদি হাসানের নানা ধরনের গান এক সুতোয় বাঁধার চেষ্টা করেন শিল্পী। পিতার নামাঙ্কিত আকাদেমির প্রথম অনুষ্ঠানে পরিবারের সকলকে এবং গুরুদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিলেন তাঁর নিবেদনের মাধ্যমে। ‘যারা বিহান বেলায় গান এনেছিল’ দিয়ে শুরু করে, ‘পিয়া কি নজরিয়া’, ‘বিপুল তরঙ্গ রে’ ইত্যাদি গান তাঁর কণ্ঠে শুনতে ভালো লাগে। শিল্পীর সুরেলা, দরাজ কণ্ঠে গাওয়া ইংরেজি, হিন্দি গানগুলিতেও সমান দক্ষতা উপস্থিত সকলের নজর কাড়ে।



