নয়াদিল্লি: সিনেমার সার্টিফিকেশন সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তন আনল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। নতুন নির্দেশিকায় সামাজিক মূল্যবোধ, জাতীয় স্বার্থ, জননিরাপত্তা এবং সংবেদনশীল বিষয় নিয়ে সিনেমায় কী দেখানো যাবে, তা স্পষ্ট করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সিনেমাকে সমাজের মূল্যবোধ ও প্রচলিত মানদণ্ডের প্রতি ‘দায়িত্বশীল ও সংবেদনশীল’ হতে হবে। হিংসা বা অপরাধকে মহিমান্বিত করা যাবে না। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনো সিনেমায় সাম্প্রদায়িক, কুসংস্কারাচ্ছন্ন, বিজ্ঞানবিরোধী বা দেশবিরোধী মনোভাব প্রচার করা যাবে না। পাশাপাশি এমন কোনো বিষয় দেখানো যাবে না, যা ভারতের সঙ্গে অন্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব ফেলতে পারে। জানা গিয়েছে, এই নিয়মের কারণেই মুক্তির ছাড়পত্র পেতে দেরি হচ্ছে সলমন খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’র। কারণ কেন্দ্রের আশঙ্কা, এই ছবিটি মুক্তি পেলে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। পাশাপাশি মাদক বা মাদকজাতীয় পদার্থের ব্যবহার, সেবন কিংবা পাচারের দৃশ্য থাকলে নির্দিষ্ট সতর্কবার্তা দেখাতে হবে। আগেও ধূমপান বা মাদক সেবনের দৃশ্যে এধরনের সতর্কবার্তা থাকত ঠিকই, তবে এবার থেকে মাদক পাচার বা এধরনের অপরাধের ক্ষেত্রেও সতর্কবার্তা দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিশু নির্যাতন ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ দেখানোর ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। গল্পে প্রয়োজন নেই এমন অপ্রয়োজনীয় হিংসাত্মক দৃশ্য দেখাতেও নিষেধ করা হয়েছে। নতুন নিয়মে ছ’ধরনের সার্টিফিকেট থাকছে। কেবল ছবির বিষয়বস্তু নয়, সিনেমার নাম নিয়েও কড়া নজরদারির কথা বলা হয়েছে। কোনো ছবির নাম উসকানিমূলক, অশ্লীল বা আপত্তিকর মনে হলে তা বাতিল করা যেতে পারে। নতুন নির্দেশিকার অনেক বিষয়ই ১৯৯১ সাল থেকে চালু থাকা নিয়মের ভিত্তিতে তৈরি করা।



