‘স্বচ্ছতা সে সুরক্ষা তক’ প্রচার, হাওড়া স্টেশনে গান গাইলেন ঊষা উত্থুপ
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সচেতনতা প্রচারে নামল পূর্ব রেল। হাওড়া স্টেশনে বৃহস্পতিবার ‘স্বচ্ছতা সে সুরক্ষা তক’ শীর্ষক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। রেলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সংক্রান্ত প্রচারে একটি গান পরিবেশন করেন তিনি। গানটি পূর্ব রেল যাত্রীদের শোনাবে। এছাড়া ঊষাদেবী নিজের রেলযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। জানান, একসময় রেলের সব ধরনের কোচেই যাতায়াত করেছেন। এখন নানা কারণে ট্রেনে ওঠা হয় না। তিনি মনে করেন, ট্রেনে ভিড় বাড়লেও আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে। রেলের বক্তব্য, স্টেশন যত পরিচ্ছন্ন থাকবে, তত বাড়বে নিরাপত্তা। অপরাধমূলক কাজকর্মের উপর নজরদারি করা যাবে সহজে। পরিচ্ছন্নতা ও যাত্রী সুরক্ষার মধ্যে যোগসূত্র তুলে ধরতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে, হাওড়ার ডিআরএম বিশাল কাপুর এবং উষা উত্থুপ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষের অংশগ্রহণের উপরও জোর দেওয়া হয় এই অনুষ্ঠানে। ডিআরএম জানান, স্টেশনের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে আলাদা আলাদা কর্মসূচি আগে হয়েছে। তবে এদিন দু’টি বিষয়কে এক সুতোয় বেঁধে অনুষ্ঠান হল। স্টেশন পরিচ্ছন্ন থাকলে দৃশ্যমানতা বৃদ্ধি পায়। ফলে মানবপাচার থেকে শুরু করে অন্যান্য অপরাধ সহজে নজরে আসে আরপিএফের। তাই পরিচ্ছন্নতা ও নিরাপত্তা একে অপরের পরিপূরক।-নিজস্ব চিত্র

Advertisement