ফের নিশানায়, প্রাণনাশের হুমকি পেলেন সইফ
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ২০২৫ সালের শুরুতেই প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন সইফ আলি খান। সেই ঘটনার ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এর মধ্যেই ফের নিশানায় এই বলি তারকা। এবার প্রাণনাশের হুমকি পেলেন সইফ। সূত্রের খবর, গ্যাংস্টার জিশান আখতার এই হুমকি দিয়েছে। কে এই জিশান? এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনায় অভিযুক্ত। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর অন্যতম সক্রিয় সদস্য বর্তমানে ফেরার।  

Advertisement

পুলিশ সূত্রে খবর, সইফের মোবাইলে বৃহস্পতিবার একটি ভয়েস মেসেজ এসেছে। সেখানেই তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। বলা হয়েছে, বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে তাঁরও। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। হুমকি বার্তাটি সত্যিই জিশান আখতার পাঠিয়েছে, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে এই কাজ করেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে। তবে এর মধ্যেই উঠে এসেছে একটি প্রশ্ন—কেন লরেন্স গ্যাংয়ের নিশানায় সইফ? মনে করা হচ্ছে, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানের সঙ্গে নাম জড়ায় সইফের। পরে অবশ্য তিনি মামলা থেকে রেহাই পান। অমিতাভ বচ্চনকে হুমকি, টাইগার শ্রফের উপর হামলা, সলমন খান, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলির পর এবার সইফ আলি খানকে হুঁশিয়ারি। বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।