ফের নিশানায় অমিতাভ বচ্চন, এবার হুঁশিয়ারি খালিস্তানি জঙ্গিনেতা পান্নুনের
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আতঙ্ক বাড়ছে সন্ত্রস্ত সিনেমা জগতে। কারণ, ফের হুমকির মুখে বলিউড শাহেনশা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ধিলোঁর পর এবার নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে) নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনের নিশানায় অমিতাভ বচ্চন। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাসভবন ‘জলসা’র বাইরে এসএফজে সমর্থকদের জড়ো হাওয়ার ডাক দিয়েছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, বিগ বি-র বাসভবনের বাইরে ‘খালিস্তান জলসা’ হবে। আর এজন্য ১১ লক্ষ টাকা ‘পুরস্কারমূল্য’ও ঘোষণা করেছেন ওই খালিস্তানি জঙ্গিনেতা। হুমকি বার্তায় পান্নুন উসকে দিয়েছেন ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসার স্মৃতি। অমিতাভের বাসভবনের বাইরে প্রস্তাবিত জমায়েতে মুম্বইয়ে বসবাসকারী শিখদের অংশগ্রহণের ডাক দিয়েছেন তিনি। কিন্তু কেন? উত্তর লুকিয়ে ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী উত্তাল সময়ে। অভিযোগ, সেই সময় শিখ-নিধন যজ্ঞের আবহে উসকানিমূলক স্লোগান দিয়েছিলেন বিগ বি। যদিও সেই অভিযোগ বারবার খারিজই করে এসেছেন প্রবীণ অভিনেতা।

Advertisement

শুধু হুঁশিয়ারি নয়, অমিতাভের প্রতি ইঙ্গিতবাহী বার্তাও দিয়েছেন পান্নুন। লিখেছেন, ‘বাঁচ গয়ে ইয়া ফাঁস গয়ে’। ঘটনাচক্রে, গত ১৩ নভেম্বর দিল্লি পুলিশের স্পেশাল টিম লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শ্যুটারকে গ্রেপ্তার করেছিল। তদন্তকারীদের দাবি, দিল্লির এক ব্যবসায়ীর পাশাপাশি এই শ্যুটারদের টার্গেট ছিল বিগ বি’ও। ওই দুই শ্যুটার ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল অমিতাভের ইঙ্গিতবাহী পোস্ট—‘বাঁচ গয়ে’! বিগ বি যে আন্ডারওয়ার্ল্ডের নিশানায় রয়েছেন, তা অনুগামী ও ভক্তরা বুঝতে পেরেছেন গত ১ নভেম্বরই। কারণ, সেদিন বুলেটপ্রুফ ভেস্ট পরে অভেদ্য কাচের আড়ালে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়িয়েছেন অমিতাভ। গত এক মাসে তিনবার অমিতাভের বাংলো ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছে। এসেছে সরাসরি গুলি করে খুনের হুঁশিয়ারিও। গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর নাম করে দু’দিন আগে সামনে এসেছে ফেসবুক পোস্ট— ‘২০০ শ্যুটার মুম্বইয়ে সক্রিয় রয়েছে। বুলেটপ্রুফ কাচের আড়ালে লুকিয়েও বাঁচতে পারবেন না।’ আর এবার হুমকি দিল খালিস্তানি জঙ্গি সংগঠন। বলিউডের ভয় বাড়ছে।