নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশ অনুষ্ঠানে বাবা-মায়ের দাম্পত্য জীবন নিয়ে মুখ খোলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ‘রাজীব গান্ধী যখন খেতেন, তখন সোনিয়া তাঁর কোলে বসতেন।’ এই মন্তব্য নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়াজুড়ে। এবার এই চর্চায় যোগ দিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘উওমেনাইয়া’ নামের একটি পেজে প্রকাশিত পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন নায়িকা। ওই পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, ‘সোনিয়া রাজীবের কোলে বসেছেন, তা নিয়ে এত হইচইয়ের কী রয়েছে?’ তা শেয়ার করে সোনাক্ষী মজার ছলে লিখেছেন, ‘আমার ভবিষ্যতের সন্তানরা বুঝতেই পারছে না তাদের জন্য কী অপেক্ষা করছে। তৈরি হয়ে যাও খুদেরা! (তোমরা এখন যেখানেই থাকো না কেন)।’ নায়িকার এই পোস্ট মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে।



