নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি প্রদীপ জ্বালান। তারপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে এক লক্ষ প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতা পুরসভা। এর আগে মুখ্যমন্ত্রী ধনধান্য প্রেক্ষাগৃহে পিএম বিশ্বকর্মার তিনবছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।
সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেনরাম মাঝি, রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে। পাশাপাশি এমএসএমই দপ্তরের রাজ্যের মন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী অশোক দিন্দা, মুখ্যসচিব মনোজ আগারওয়াল এবং কেন্দ্র ও রাজ্যের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান থেকে কয়েকজনকে বিশ্বকর্মা সার্টিফিকেট, আইডি কার্ড, ঋণের টাকা, টুল কিট প্রভৃতি প্রদান করা হয়। আধিকারিকরা বলেন, তিনবছরের মধ্যে ৩০ লক্ষ বিশ্বকর্মা অর্থাত্ যাঁরা নানারকমের হাতের কাজ করেন, এমন পেশাদারদের নিবন্ধন হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকার সমস্ত জেলাশাসককে মৌখিকভাবে বলেছিল, তারা যেন বিশ্বকর্মার কাজ না করেন।’
অন্যদিকে, এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে প্রদীপের আলোয় জ্বলজ্বল করছিল বাবুঘাট। গঙ্গাবক্ষ থেকে ফাটানো হয় আতশবাজি। একাধিক লঞ্চ সাজিয়ে তোলা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বনেতা। সারা বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাজি এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মন্ত্রী তাপস রায়, ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল, পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ। মুখ্যমন্ত্রী জানান, ২০৪৭ সালে ‘বিকশিত ভারত’ কেমন দেখতে হবে, তার জন্য বিভিন্ন স্কুলে প্রতিযোগিতার আয়োজন হবে।
পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, একদিকে বিশ্বকর্মা পুজো অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন, তাঁর সাংবিধানিক কর্মক্ষেত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে নানা অনুষ্ঠান হচ্ছে। এবার পালাবদলের আবহে প্রথম বিশ্বকর্মা পুজো। সেখানে শিল্প বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চা শ্রমিক উন্নয়ন যোজনার টাকা কয়েকবছর আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অসম ও পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেন। কিন্তু তৎকালীন সরকার তা নেয়নি। আমরা ক্ষমতায় এসে দার্জিলিংয়ের পাহাড় থেকে তরাই, ডুয়ার্স সমস্ত অঞ্চলের জন্য বেশকিছু উন্নয়ন প্রকল্প কেন্দ্রকে পাঠিয়েছিলাম। সেই বাবদ কেন্দ্রীয় সরকার ৩৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। ২৪ সেপ্টেম্বর বজবজে একটি শিল্পতালুকের উদ্বোধন হবে। জমি দেওয়া হবে ৩২টি কোম্পানিকে। ১৪ অক্টোবর হলদিয়া পেট্রকেমিক্যালের ৬,৬০০ কোটি টাকার প্রকল্পের সম্প্রসারণ হবে।