নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: প্রধান শিক্ষকের অফিসঘরে চোরের হানা। সিউড়ির রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চবিদ্যালয়ে রবিবার রাতে এঘটনা ঘটে। অভিযোগ, আলমারি ও টেবিলের ড্রয়ার ঘেঁটে অবশেষে শুধুমাত্র দু’টি সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে চোর। তবে প্রধান শিক্ষকের অফিসঘরের পাশাপাশি ক্লার্করুম, স্মার্ট ক্লাসেও চোর হানা দিয়েছিল। সোমবার স্কুলের তরফে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস তদন্তে নেমেছে। এদিন সকালে এক গ্রুপ-ডি কর্মী গেটের তালা খুলে স্কুলে ঢোকেন। তিনি দেখতে পান, প্রধান শিক্ষকের রুমের পাশের ঘরের জানালা ভাঙা। খবর পেয়ে প্রধান শিক্ষক প্রবীরকুমার দাস তাড়াতাড়ি স্কুলে পৌঁছন। তিনি দেখতে পান, অফিসঘরে থাকা সাতটি আলমারি ও টেবিলের ড্রয়ার খোলা। ক্লার্কের ঘরেও একই অবস্থা।



