সংবাদদাতা, সিউড়ি: বুধবার সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে ডি-ফার্মের পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রচুর টুকলি উদ্ধার হল। কলেজের মহিলা শিক্ষিকাদের বিরুদ্ধে আপত্তিকর জায়গায় স্পর্শ করার অভিযোগ তুলে পরীক্ষার পর বিক্ষোভ দেখান ছাত্রীরা। কলেজ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিউড়ি থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিভিন্ন জায়গা থেকে এই কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন ডি-ফার্মের ছাত্রছাত্রীরা। পার্ট ওয়ানের পরীক্ষার সিট পড়েছিল এই কলেজে। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন আচমকা টুকলি আছে কিনা চেকিং শুরু করেন গার্ড দেওয়া মহিলা শিক্ষিকারা। আপত্তিকর জায়গায় স্পর্শ করে টুকলি উদ্ধারের চেষ্টা করা হয়। পরীক্ষা শেষ হওয়ার পর ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা চলাকালীন হঠাৎই শিক্ষিকারা আমাদের গায়ে আপত্তিকর জায়গায় স্পর্শ করে চেক করতে শুরু করেন। আমাদের কাছে টুকলি রয়েছে কিনা সন্দেহে করেন। এভাবে চেকিং করা উচিত নয় বলে আমরা মনে করি। যদিও কলেজের অধ্যক্ষ পিতাংশু ভট্টাচার্য বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রচুর টুকলি উদ্ধার হয়েছে। কাউন্সিলের নিয়ম মেনেই চেকিং করা হয়েছে। ওরা যে অভিযোগ করছে তা একেবারেই সত্যি নয়।



