কার্তিক পুজোর শোভাযাত্রায় প্রতি পদে চমক, ভিড়ের দাপট গড়ল নয়া রেকর্ড
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সন্ধ্যা নামার আগেই জ্বলে উঠেছিল আলো। বাঁশবেড়িয়া, সাহাগঞ্জের পথে নামতে শুরু করেছিল সুদৃশ্য শোভাযাত্রার যান। তারপর সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে আলোর মায়া, চমকের পসরা। পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। উৎসাহ আর আনন্দের কলবরে মুখরিত হয়েছে হুগলির কার্তিক নগরী। ভাসানের শোভাযাত্রা ঘিরে আয়োজন আর উৎসাহের বহর গঙ্গাপাড়ের প্রাচীন জনপদকে মুখরিত করেছে। উৎসব মরশুমের শেষরাতকে চেটেপুটে নিতে আগ্রহের পারদ চড়েছে লাফিয়ে লাফিয়ে। সেই উন্মাদনাও কার্তিক পুজোর ভাসান শোভাযাত্রায় জুড়েছিল বাড়তি মাত্রা। বিপুল ভিড়ের আন্দাজ আগেই ছিল। তাই ছিল নিরাপত্তার কঠোর বেড়াজাল। গভীর রাত পর্যন্ত উৎসব নগরী বাঁশবেড়িয়া কলবর মুখরিত ছিল।

Advertisement

স্থানীয় বিজেপি বিধায়ক তথা কার্তিক পুজোর কেন্দ্রীয় কমিটির কর্তা স্বরাজ ঘোষ বলেন, ঐতিহ্যের নগরীতে পুজোর শেষপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনের আড়ম্বরতার সঙ্গে ভিড়ের দাপটও ছিল। পুলিশ, প্রশাসন ও পুজো উদ্যোক্তারা সাফল্যের সঙ্গে সেসব সামাল দিয়েছেন। হুগলি গ্রামীণ পুলিশ জানিয়েছে, নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে কার্তিক পুজোর শোভাযাত্রা। বাঁশবেড়িয়ার বাসিন্দা শঙ্কর পাল সপরিবারে এসেছিলেন শোভাযাত্রা দেখতে। তিনি বলেন, পুজো মরশুমের শেষ উৎসব সত্যিই চমকদার ছিল। সকলে খুব আনন্দ করেছি। কোন্নগর থেকে এসেছিলেন নেপাল বাগ। সকাল সকাল বাঁশবেড়িয়ায় এক আত্মীয়ের বাড়িতে এসে উঠেছিলেন তিনি। নেপালবাবু বলেন, বহু বছর ধরেই কার্তিক পুজোর শোভাযাত্রা দেখতে আসি। আয়োজনের বাহার ক্রমশ বাড়ছে। এবারও চমকপ্রদ শোভাযাত্রা হয়েছে। আলোর চমক এখনও মন ভরিয়ে দেয়।সন্ধ্যা গড়ানোর আগেই বাঁশবেড়িয়া, সাহাগঞ্জ, ত্রিকোণ পার্ক সহ নানা জায়গায় শোভাযাত্রার পথের ধারে আসন পাততে শুরু করেছিলেন উৎসাহীরা। সুসজ্জিত বাহন তখনও পথে নামেনি, কিন্তু জেলা ও ভিন জেলা থেকে আসা উৎসাহীদের ভিড় জমাট বেঁধে জনসমুদ্রের আকার নিয়েছিল। আঁধার গড়াতেই নামতে শুরু করে আলোর সাজ আর বিভিন্ন বাদ্যযন্ত্রের ঐক্যতান। শিবের তাণ্ডব থেকে রাজা কার্তিকের রাজকীয় সফর দেখতে দেখতে আত্মহারা হয়েছে ভিড়। কখনও বম্বে ঢোলের তানে দুলিয়েছে শরীর। ছৌ থেকে মণিপুরী নৃত্যের তালেও তাল দিয়েছে সাহাগঞ্জ থেকে বাঁশবেড়িয়া, কেওটা। সেই উন্মাদনার সমুদ্রকে কখনও কখনও ভাসিয়ে নিয়ে গিয়েছে চমকদার আলোর বন্যা। কার্টুন থেকে পশুপাখি, দেবদেবীর নানা রকমারি আলোর সাজ মাতিয়ে রেখেছিল জমাট ভিড়কে। রাত যত গভীর হয়েছে, ততই চড়েছে উৎসাহের পারদ। মুখরিত হয়েছে আকাশ-বাতাস।  নিজস্ব চিত্র