কেন্দ্রীয় সচিবালয় লাইব্রেরির বই সরানো, ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পরিকল্পনার অভাব। নেই কোনো স্পষ্টতা। ১৩৫ বছরের প্রাচীন কেন্দ্রীয় সচিবালয় গ্রন্থাগারের সাড়ে আট লক্ষ বই স্থানান্তর ও সংরক্ষণের ইস্যুতে সোমবার এভাবে কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন পরিকল্পনার অন্তর্গত ওই ঐতিহাসিক গ্রন্থাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিচারপতি সঞ্জয় কুমার ও সঞ্জীব সচদেবের বেঞ্চ বলেছে, ২০ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে হবে। 

Advertisement

সরকারের ব্যবস্থাপনায় অসন্তুষ্ট আদালতের তোপ, বইগুলির প্রতি অন্তত সম্মান দেখান। কেন্দ্রীয় সচিবালয় গ্রন্থাগারটি রয়েছে দিল্লির শস্ত্রি ভবনে। সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন পরিকল্পনার অন্তর্গত সেই ভবনটি ভাঙা হবে। লাইব্রেরিটি স্থানান্তরিত করা হবে। এই ইস্যুতেই স্বতঃপ্রণোদিত মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই সূত্রেই এদিন সরকারকে শীর্ষ আদালতের প্রশ্ন, এই বইগুলি নিয়ে আপনাদের পরিকল্পনা কী? সুর চড়িয়ে বিচারপতি কুমার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পরিকল্পনার অভাব রয়েছে। বইগুলি নিয়ে আপনাদের কোনো চিন্তাই নেই। এগুলির সঙ্গে ঐতিহ্য জড়িয়ে রয়েছে। কিছু বই তো ১৭০২ সালের।  মনে হচ্ছে সরকারের কাছে এইসব বইয়ের ঐতিহাসিক মূল্যের কোনো গুরুত্বই নেই। আপনাদের কাছে অযাচিত মনে হলে বইগুলি অন্য কোনো দেশকে দিয়ে দিন। বইগুলির প্রতি অন্তত সম্মান দেখান। সাড়ে আট লক্ষ বইয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।