প্রশ্ন: ক্লাবের প্রতিষ্ঠা দিবসে কোচ অস্কার ব্রুজোঁ সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি তাঁর সঙ্গে কতটা একমত?
প্রশ্ন: ক্লাবের প্রতিষ্ঠা দিবসে কোচ অস্কার ব্রুজোঁ সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি তাঁর সঙ্গে কতটা একমত?
উত্তর: অবশ্যই একমত। কোচই তো পথ দেখাবেন। কাঁধে কাঁধ মিলিয়ে চললে সাফল্য আসতে বাধ্য। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ইস্ট বেঙ্গল এগিয়ে চলেছে।
প্রশ্ন: চলতি মরশুমে ইস্ট বেঙ্গল দল কতটা শক্তিশালী হয়েছে? এখনও কোন পজিশনের ফুটবলার বেছে নেওয়া বাকি?
উত্তর: গতবারের চেয়েও এবার দলে ভারসাম্য বেশি। কিন্তু ভারতীয় ফুটবলারদের বেছে নেওয়া বেশ সমস্যার। আই লিগের একাধিক খেলোয়াড় আমরা নিয়েছি। কোচ বারবার বলছেন, একজন স্টপার ও দু’জন সাইড ব্যাক দরকার। কিন্তু ভালো প্লেয়ার পাওয়া যাচ্ছে না। আমরা তো আইএসএলে অনেক পরে অন্তর্ভুক্ত হয়েছি। প্রথম থেকে যে ফ্র্যাঞ্চাইজিগুলি খেলছে পুরো ব্যাপারটাই তাদের কুক্ষিগত। এছাড়া ভারতীয় ফুটবলে এজেন্টরাজ চলছে। এক টাকার ফুটবলারকে দশ টাকা দেওয়া হচ্ছে। এই সিস্টেম বন্ধ হওয়া উচিত। গত কয়েকটি মরশুমে ফুটবলার রিক্রুটের ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেয় বিভাস আগরওয়াল। তবে আমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে। আশা করব, এবার বিভাস আরও সময় দেবে। সবাই মিলেই দল শক্তিশালী করার চেষ্টা চলছে। শুনেছি, একজন সাইড ব্যাক নেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে সে প্র্যাকটিসে আসছে না। লগ্নিকারী সংস্থা এবং ক্লাব— একে অপরের পরিপূরক।
প্রশ্ন: গত কয়েকটি মরশুমে আইএসএলে ভালো ফল করতে পারেনি দল। লাল-হলুদ সমর্থকরা তাই খুব হতাশ। এই প্রসঙ্গে কী বলবেন?
উত্তর: ব্যাড প্যাচ প্রতিটি দলেরই যায়। শতাব্দীপ্রাচীন ক্লাব তো আরও দু’টি আছে। তারাও কি সবসময় সাফল্য পেয়েছে? ইস্ট বেঙ্গল সভ্য-সমর্থকদের মুখে হাসি ফোটাতে আমরা তৎপর। তাঁদের কাছে অনুরোধ, সঙ্গে থাকুন। সাফল্য এল বলে...
প্রশ্ন: এবার আইএসএল কি হবে?
উত্তর: দেশে ফুটবলপ্রেমীর অভাব নেই। আর যাঁরা প্রশাসনিক দিক দেখেন তাঁরাও অভিজ্ঞ। তাই এদেশের ফুটবল বন্ধ হবে বলে আমার অন্তত মনে হয় না। আইএসএল এবং আই লিগ, দু’টি প্রতিযোগিতাই হবে। তবে নির্দিষ্ট সময়ের পরে।
প্রশ্ন: বাংলার তিন প্রধান ভারতীয় ফুটবলের সম্পদ। কিন্তু বর্তমানে বিবিধ সমস্যায় জর্জরিত মহমেডান স্পোর্টিং। কীভাবে তারা আবার স্বমহিমায় ফিরতে পারে?
উত্তর: ভারতীয় ফুটবলের পরিকাঠামো বদলে গিয়েছে। আগে কলকাতা লিগ, আইএফএ শিল্ড খেলার জন্য প্রতিটি ফুটবলার মুখিয়ে থাকত। কিন্তু এখন অর্থই সব। কয়েকদিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী সেটাই বলছিলেন। আমাদের মতো মহমেডান স্পোর্টিংকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার ধারণা, ওরা খুব তাড়াতাড়ি সমস্যা কাটিয়ে উঠবে।
প্রশ্ন: ভারতীয় ফুটবলের নতুন কোচ হলেন খালিদ জামিল। তাঁর হাত ধরে কি সাফল্য পাওয়া সম্ভব?
উত্তর: দেওয়ালে পিঠ ঠেকেছে ভারতীয় ফুটবলের। আর তো পিছনোর জায়গা নেই। বিদেশি কোচ এনে অর্থ নষ্ট করার চেয়ে খালিদ বেটার চয়েস। মাস ছয়েক আগেই বলেছিলাম, ওই যোগ্যতম। দেখাই যাক না, ভবিষ্যতে কী হয়।