Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জোগান কম, দুর্গাপুরের বাজারে সব্জির দামের ছ্যাঁকায় নাভিশ্বাস

লাগাতার অতিরিক্ত বৃষ্টির জন্য শাক-সব্জির ব্যাপক হারে ক্ষতি হয়েছে। যার ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলে সব্জির বাজারমূল্য দ্বিগুণেরও বেশি।

জোগান কম, দুর্গাপুরের বাজারে সব্জির দামের ছ্যাঁকায় নাভিশ্বাস
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: লাগাতার অতিরিক্ত বৃষ্টির জন্য শাক-সব্জির ব্যাপক হারে ক্ষতি হয়েছে। যার ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলে সব্জির বাজারমূল্য দ্বিগুণেরও বেশি। দুঃস্থ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলির সব্জি কিনতে নাভিশ্বাস উঠছে। চাষিদের দাবি, একটানা বৃষ্টির জেরে চাষের জমিগুলি জলমগ্ন। মাটিতে অতিরিক্ত জল মজুত থাকায় শাক-সব্জির গাছে পচন ধরেছে। পুজোর আগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। 

Advertisement

বৃষ্টির কারণে সব্জির জোগান কম। ফলে বাজার আগুন। দুর্গাপুর শিল্পাঞ্চলের ক্রেতাদের দাবি, সব্জির অগ্নিমূল্য শুনেই আঁতকে উঠছেন তাঁরা। চাষি ও সব্জি ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, গত দু’মাস ধরে অতিরিক্ত ও ঘন-ঘন বৃষ্টি হওয়ায় চাষের জমি এখনও জলমগ্ন। ফলে চাষের ফসল জলে পচে মাঠেই নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই বাজারে চাহিদার তুলনায়  সব্জির জোগান কমছে। আর দাম বাড়ছে হু-হু করে। 
বাঁকুড়া জেলার সব্জি চাষি আনন্দ বিশ্বাসের কথায়, এই বছরের বর্ষায় আমরা ব্যাপক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি। বিঘার পর বিঘা সব্জির জলে ডুবে রয়েছে। ধার দেনা করে সব্জি চাষ করেছিলাম এবার। অক্লান্ত পরিশ্রম করে সব্জি ফলিয়েছিলাম। জলে সব শেষ হয়ে গেল। 
দুর্গাপুরের বাজারে মূলত বাঁকুড়া, বীরভূম ও পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা থেকে সব্জির আমদানি হয়। প্রতি বছর এই সময় সব্জির ফলন বেশি হওয়ায় প্রতিটি কেজি প্রতি বাজারমূল্য থাকে ১৫-৩০ টাকার মধ্যে। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে প্রায় সব সব্জির বাজারমূল্যই দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে। দুর্গাপুরের বাজারগুলিতে সব্জির কেজি প্রতি দাম যাচ্ছে, টম্যাটো ৬০ -৮০ টাকা, ঝিঙে ৪০-৬০ টাকা, পেঁপে ৪০_৫০টাকা, বেগুন ৪০ - ৫০ টাকা, ভেন্ডি ৫০- ৬০ টাকা, পটল ৪০ - ৫০ টাকা, কুঁদরি ৪০-৫০ টাকা, করলা ৫০ টাকা, মুলো ৫০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, গাজর ৪০ - ৫০ টাকা। কাঁচালঙ্কা বিকোচ্ছে ১২০ - ১৫০ টাকার মধ্যে।
দুর্গাপুরের বাসিন্দা করুণাময়ী পাণ্ডে ও কবিতা সাহারা বলেন, সব্জির আকাশছোঁয়া মূল্য হওয়ায়  বাজার থেকে আর বাড়িতে সব্জি আসছে না। ৫০০ টাকার সব্জি বাজার করলেও ব্যাগ  ভরছে না। 
বেনাচিতি বাজারের এক সব্জির আড়তদার মনোজকুমার সাউ বলেন, বাজারে সব্জির জোগান কম। যে কারণে এক মাস ধরে প্রতিটি  সব্জি  কেজি পিছু ২০টাকা  থেকে ৩০ টাকা দাম বেড়েছে। • প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ