Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষকের ভূমিকায় পুলিশ সুপার, ছাত্রীদের দিলেন স্বপ্ন দেখার পাঠ

চেনা ছক ভেঙে একেবারে অন্য ভূমিকায় পুলিশ সুপার। ছাত্রীদের শোনালেন নিজের জীবনের সাফল্যের কাহিনী।

শিক্ষকের ভূমিকায় পুলিশ সুপার, ছাত্রীদের দিলেন স্বপ্ন দেখার পাঠ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কুন্তল পাল, বনগাঁ: চেনা ছক ভেঙে একেবারে অন্য ভূমিকায় পুলিশ সুপার। ছাত্রীদের শোনালেন নিজের জীবনের সাফল্যের কাহিনী। পাশাপাশি দিলেন সাইবার ক্রাইম, নারী সুরক্ষা ও বাল্যবিবাহ নিয়ে সচেতনতার বার্তা। তাঁদের স্বপ্ন দেখার পাঠও দিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে মেয়েদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। এমন অন্যভাবে পুলিশ সুপারকে দেখে ছাত্রীরা খুশি। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে নারী সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার গোপালনগর থানার আয়োজনে ন’হাটা সারদা সুন্দরী বালিকা বিদ্যাপীঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

কর্মসূচিতে বাল্যবিবাহের কুফল, মানব পাচার, সোশ্যাল মিডিয়ার কুফল সম্পর্কে ছাত্রীদের সচেতন করেন পুলিশ অফিসাররা। এদিন ছাত্রীদের ‘ক্লাস’ নিতে গিয়ে পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত বলেন, জীবনে দু’টি লক্ষ নিয়ে এগিয়ে যেতে হবে। এমন কাজ করতে হবে যাতে বাবা-মা ও সমাজ তোমাকে নিয়ে গর্ব করতে পারে। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে নিজেদের স্বাবলম্বী হতে হবে। এদিন ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে যা করবে সৎভাবে করবে। স্বচ্ছ মনে করবে। আমি এভাবেই স্বপ্ন নিয়ে সফল হয়েছি। আমিও চাই তোমরা এরকম স্বপ্ন দেখো। তাহলে কেউ আটকাতে পারবে না। এদিন মেয়েদের আত্মরক্ষার জন্য দেওয়া হয় ক্যারাটে প্রশিক্ষণ। স্কুলের চারজন ছাত্রী এই প্রশিক্ষণে অংশ নেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীদের আত্মরক্ষার্থে ১০ দিন এই প্রশিক্ষণ দেওয়া হবে। আপাতত পাঁচদিন প্রশিক্ষণ দেওয়া হবে। পুজোর পরে আরও পাঁচদিন প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন বনগাঁ থানা ও পেট্রাপোল থানার দুটি স্কুলেও এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের এই ভূমিকায় খুশি শিক্ষিকা ও অভিভাবকরাও।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ